IND vs BAN: জাদেজা এক উইকেট পেলেই তৃতীয় ভারতীয় হিসেবে গড়বেন নজির, ছোঁবেন কপিল ও অশ্বিনের কীর্তি
IND vs BAN: কানপুরে বৃষ্টিতে ধুয়ে গিয়েছে ভারত-বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিনের খেলা। কালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আজকের মতো পরিস্থিতি সম্ভবত হবে না।
ফলে কালই রবীন্দ্র জাদেজা ছুঁতে পারেন এক ঈর্ষণীয় মাইলস্টোন। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে।

ভারতের কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন ছাড়া আর কেউ টেস্টে তিন হাজার রানের পাশাপাশি তিনশো বা তার বেশি উইকেট দখল করতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে রয়েছে ৫২৩ উইকেট, রান করেছেন ৩৪২২। কপিল দেব টেস্টে ৪৩৪ উইকেট নিয়েছেন এবং ৫২৪৮ রান করেছেন।
জাদেজা টেস্টে ৩১২২ রান করেছেন, তাঁর উইকেট-সংখ্যা ২৯৯। কানপুরে কেরিয়ারের ৭৪তম টেস্ট খেলছেন জাড্ডু। বৃষ্টিতে খেলা দেরিতে শুরু হওয়ার পর বাংলাদেশ কানপুর টেস্টের প্রথম দিনে ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান তুলেছিল। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন ও আকাশ দীপ বোলিং করেছেন।
কাল খেলা হলে নিশ্চিতভাবেই জাদেজার হাতে বল তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা। জাদেজা আর একটি শিকার ঝুলিতে পুরে ফেললেই কপিল ও অশ্বিনের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে অন্তত ৩ হাজার রান করার পাশাপাশি ৩০০ উইকেট দখলের কীর্তি স্পর্শ করতে পারবেন।
বিশ্বে এই কীর্তি রয়েছে মাত্র ১০ জন ক্রিকেটারের। যাঁদের মধ্যে দু-জন ভারতীয়। গ্যারি সোবার্স থেকে জ্যাক কালিসরাও এই এলিট লিস্টে নাম লেখাতে পারেননি। চেন্নাই টেস্টে জাদেজা প্রথম ইনিংসে দলের গুরুত্বপূর্ণ সময়ে ৮৬ রান করেন। প্রথম ইনিংসে বল হাতে ২ উইকেট ও দ্বিতীয় ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট।
১৪৭ বছরের ক্রিকেটের ইতিহাসে জাদেজা চেন্নাই টেস্টে প্রথম ক্রিকেটার হিসেবে ঈর্ষণীয় নজির গড়েছেন। টেস্ট ক্রিকেটে দেশকে জেতানোর ক্ষেত্রে অবদান রেখে অন্তত ২ হাজার রান ও ২০০ উইকেট দখলের অধিকারী হয়ে। জাদেজার সেই কীর্তি কানপুরে স্পর্শ করতে পারেন অশ্বিন। ভারত জিতেছে এমন টেস্টে অশ্বিনের ৩৬৯ উইকেট রয়েছে, রান রয়েছে ১৯৪৩।












Click it and Unblock the Notifications