IND vs BAN: নীতীশ নজর কাড়লেন বিধ্বংসী ব্যাটিংয়ের মাধ্যমে, সোশ্যাল মিডিয়াকে উত্তাল করা NKR সম্পর্কে জানুন
IND vs BAN: নীতীশ কুমার রেড্ডি বাংলাদেশের বোলারদের নিয়ে আজ রীতিমতো ছেলেখেলা করলেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তিনি কেরিয়ারের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিক খেলছেন।
গোয়ালিয়রে টি২০ অভিষেকে নীতীশ ১৫ বলে ১৬ রানে অপরাজিত ছিলেন। সেই ম্যাচে ভারতীয়দের মধ্যে একমাত্র তাঁরই স্ট্রাইক রেট ছিল দেড়শোর নীচে। ফলে নীতীশের জায়গায় তিলক বর্মাকে খেলানোর সম্ভাবনা নিয়ে চর্চা ছিল।

যদিও দিল্লি ম্যাচের একাদশে ভারত কোনও পরিবর্তন আনেনি। টিম ম্যানেজমেন্টের আস্থার মর্যাদা দারুণভাবেই দিলেন নীতীশ। রিঙ্কু সিংকে নিয়ে ঝোড়ো ১০৮ রানের পার্টনারশিপ গড়লেন। চারটি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৪ রান করলেন। ত্রয়োদশ ওভারে মেহিদি হাসান মিরাজের বলে মারলেন তিনটি ছক্কা।
ভারতীয় ব্যাটিং লাইন আপে আজ নীতীশই সর্বাধিক রান করলেন। তাঁর এদিনের স্ট্রাইক রেট ২১৭.৬৪। বছর ২১-এর নীতীশ বিশাখাপত্তনমের ছেলে, খেলেন অন্ধ্র প্রদেশের হয়ে। ২০১৭-১৮ মরশুমে তিনি নজর কাড়েন বিজয় মার্চেন্ট ট্রফিতে। অন্ধ্রের হয়ে ত্রিশতরান করেন। তারপর নাগাল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৩৪৫ বলে ৪৪১।
সেবার বিজয় মার্চেন্ট ট্রফিতে ১৭৬.৪১ গড় রেখে ১২৩৭ রান আজও টুর্নামেন্টে সর্বাধিক রানের রেকর্ড। ওই মরশুমে বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জগমোহন ডালমিয়ার নামাঙ্কিত সেরা অনূর্ধ্ব ১৬ ক্রিকেটার হন নীতীশ। সিমার নীতীশ অন্ধ্রের হয়ে নতুন বলে বোলিংও করেন।
২০২৩ সালের আইপিএলের আগে নীতীশকে ২০ লক্ষ টাকায় কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম মরশুমে অরেঞ্জ আর্মির হয়ে পাঁচ ওভার হাত ঘোরান ২ ম্য়াচে, ব্যাটিংয়ের সুযোগ পাননি। যদিও চলতি বছরের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন নীতীশ, দলকে প্লে-অফে নিয়ে যেতেও অবদান রাখেন।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নীতীশ ৬৪ রান করেছিলেন, সেই ম্যাচে সানরাইজার্স জিতেছিল ১ রানে। এ ছাড়া রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি ৭৬ রানে অপরাজিত ছিলেন। সেই ম্যাচে সানরাইজার্স জেতে ২ রানে। আইপিএলে নীতীশ ১৫টি ম্যাচে ১১ ইনিংসে ২ বার অপরাজিত থেকে ৩০৩ রান করেছেন, তিনটি উইকেট রয়েছে।
টি২০ ক্রিকেটে নীতীশ ২১ ম্য়াচে ৪১১ রান করার পাশাপাশি তিনটি উইকেট পেয়েছেন। টি২০ কেরিয়ারে এদিন তৃতীয় অর্ধশতরান পেলেন। অন্ধ্রের হয়ে ২০টি প্রথম শ্রেণির ম্যাচে নীতীশ ৬২৭ রান করেছেন, ১টি শতরান ও ২টি অর্ধশতরান রয়েছে। ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে ২২ ম্যাচে তাঁর চারটি হাফ সেঞ্চুরি-সহ ৪০৩ রান রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৪টি এবং লিস্ট এ-তে ১৪টি উইকেটও রয়েছে নীতীশের।












Click it and Unblock the Notifications