IND vs BAN: কানপুরে পিচ নিয়ে ধোঁয়াশা, একাদশ কাল চূড়ান্ত করবে ভারত, রাহুলের পাশে অভিষেক
IND vs BAN: কানপুরে কাল থেকে ভারত-বাংলাদেশ টেস্ট শুরু। গতকাল বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংঘের মতো আজ ভারতের সহকারী কোচ অভিষেক নায়ারও বললেন, কোন পিচে খেলা হবে তা নিয়ে নিশ্চিত নন তাঁরা।
অভিষেকের কথায়, দুটি পিচ তৈরি রাখা হয়েছে। দেখে ভালোই লাগছে। তবে কানপুরের পিচের বাউন্স নিয়ে সংশয়ী অভিষেক। প্রথম একাদশও খোলসা করেননি তিনি।

অভিষেক বলেন, আমি এথনই প্রথম একাদশ নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে সকলেই খেলার জন্য প্রস্তুত। কম্বিনেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে কন্ডিশন, যা আপাতত অনেকটাই বদলেছে। কাল আকাশ মেঘলা থাক, সেটা চাইছি না। চাইব যাতে পরিষ্কার আকাশ, রোদ থাকে।
কাল টেস্টের প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতি বুঝেশুনেই ভারত একাদশ চূড়ান্ত করবে। কুলদীপ যাদবের হোম গ্রাউন্ড। কিউরেটর বলেছেন, প্রথম দুই সেশনে পেসাররা ফায়দা আদায় করতে পারবেন। তবে শেষ তিন দিন স্পিনাররা কার্যকরী ভূমিকা নেবেন। কুলদীপ, নাকি অক্ষর কাকে খেলানো হবে বা দুজনেই বেঞ্চে থাকবেন কিনা স্পষ্ট করেননি অভিষেক।
কানপুরের আকাশে আজও কালো মেঘ ছিল। টেস্টের প্রথম দুই দিনের খেলা বৃষ্টিতে ব্যাহত হওয়ার আশঙ্কা থাকছে। অভিষেক জানিয়ে দিয়েছেন, চ্যালেঞ্জ মোকাবিলা করা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমাদের ক্রিকেটাররা সকলেই সেজন্য প্রস্তুত। অর্থাৎ পিচ যা-ই থাক, ভারত সব পরিস্থিতি সামলাতেই প্রস্তুত, স্পষ্ট করেছেন অভিষেক।
সরফরাজ খান ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন। কিন্তু চেন্নাই টেস্টে খেলার সুযোগ পাননি। অভিষেকের কথায় ইঙ্গিত মিলেছে, কানপুরে লোকেশ রাহুলকেই খেলানোর। অভিষেক বলেন, যখন কেউ বাইরে থাকেন তখন তাঁকে তৈরি রাখা, আরও উন্নতি করানোর দায়িত্ব কোচেদের। আমরা সেটা করে থাকি। যাতে সুযোগ পেলেই ওই ক্রিকেটার নিজেকে মেলে ধরতে পারেন।
অভিষেক বলেন, রাহুলের দক্ষতা নিয়ে সংশয় নেই। তিনি দক্ষিণ আফ্রিকাতেও ভালো ছন্দে ছিলেন। দলের সকলেই জানেন কার কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে। রাহুলের সঙ্গে বেশ কয়েকদিন ধরে সময় কাটিয়েছি। চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে রাহুল যেভাবে ব্যাট করেছেন, সেই ধরনের ভূমিকাতেই তাঁকে আমরা পেতে চাই। ফলে তাঁর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং যথেষ্ট ইতিবাচকই ছিল। আশা করি, তিনি ছন্দেই থাকবেন।
অভিষেকের বক্তব্যেই পরিষ্কার, রাহুলকেই দ্বিতীয় টেস্টে আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে। আজ হেড কোচ গৌতম গম্ভীরও রাহুলকে ব্যাটিং নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে সরফরাজের টেস্ট দলের প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘায়িত হতে চলেছে।












Click it and Unblock the Notifications