IND vs BAN: কুলদীপের ভারতীয় একাদশে প্রত্যাবর্তন নিজের শহরেই? কানপুর টেস্টে তাহলে বাদ যাবেন কে?
IND vs BAN: শুক্রবার থেকে কানপুরে শুরু ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। চেন্নাই টেস্ট জেতার ফলে ভারত দুই টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে।
কানপুরে ভারতের প্রথম একাদশে রদবদল হতে পারে। খেলানো হতে পারে কুলদীপ যাদবকে।

কানপুরের যে পিচে খেলা হবে তাতে ২০২১ সালে ভারত-নিউজিল্যান্ড টেস্ট চলেছিল শেষ বল অবধি। নিউজিল্যান্ডের শেষ উইকেটটি তুলতে না পারায় টেস্টটি ড্র হয়ে যায়। নিউজিল্যান্ডের পেসাররা সাফল্য পেয়েছিলেন, ভারতের স্পিনাররা। এবারও পিচ থেকে ব্যাটারদের পাশাপাশি বোলাররা ফায়দা আদায় করতে পারবেন বলে জানিয়েছেন কিউরেটর।
কানপুরে অবশ্য ভারতীয় স্পিনাররা দাপট দেখিয়ে চলেছেন। অনিল কুম্বলে, হরভজন সিংরা সাফল্য পেয়েছেন। এই পরিস্থিতিতে ভারত কি তিন স্পিনার নিয়ে নামবে? সেই চর্চাই এখন জোরালো হয়েছে। মনে করা হচ্ছে, ব্যাটিং বিভাগে রদবদল না হলেও বোলিং বিভাগে একটি পরিবর্তন হতে পারে।
ইএসপিএনক্রিকইনফোকে সঞ্জয় মঞ্জরেকর বলেছেন, ভারতের পিচে প্রথম দেড় দিন পেসারদের জন্য কিছু থাকে। কিন্তু ম্যাচের সিংহভাগই সাফল্যের সম্ভাবনা থাকে স্পিনারদের। কুলদীপ যাদবকে চেন্নাই টেস্টেও খেলানো উচিত ছিল বলে মনে করেন মঞ্জরেকর।
গত মার্চে ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টেও ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন কুলদীপ। মঞ্জরেকার বলেন, কুলদীপকে এত সহজে বাদ দেওয়া ঠিক নয়। চেন্নাইয়ে ঘূর্ণি উইকেট না থাকলেও কুলদীপকে খেলালে ভারতই উপকৃত হতো। ভারতের পিচে সিমাররা সাফল্য পেতে পারেন প্রথম দেড় দিন। তারপর থেকেই ম্যাচে স্পিনারদের দাপট বাড়তে থাকে। ফলে কুলদীপের মতো বোলারকে বাইরে রাখা ঠিক নয়।
মঞ্জরেকরের পরামর্শ, কানপুরে যদি গ্রিন টপও হয় এবং রোদ থাকে, তাহলে মাথায় রাখতে হবে গ্রিন টপ থাকবে কয়েক ঘণ্টার জন্যই। তার জন্য জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজই যথেষ্ট। তিন স্পিনার নিয়েই ভারতের খেলা উচিত। সেক্ষেত্রে আকাশ দীপের জায়গায় কুলদীপকে খেলানোর পরামর্শ দেন মঞ্জরেকর।
বাংলাদেশের বিরুদ্ধে কুলদীপ একটিই টেস্ট খেলেছেন। প্রথম ইনিংসে পাঁচ উইকেট-সহ সেই টেস্টে তিনি ৮ শিকার ঝুলিতে পুরেছিলেন। ২০১৭ সালে টেস্ট অভিষেকের পর কুলদীপ ১২টি টেস্ট খেলেছেন, নিয়েছেন ৫৩ উইকেট। কুলদীপ নিজের শহরে ভারতের টেস্ট একাদশে প্রত্যাবর্তন করেন কিনা সেটাই দেখার।
এদিকে, লোকেশ রাহুল প্রথম ইনিংসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করে অপরাজিত ছিলেন তাতে কানপুর টেস্টে তাঁর উপর কোপ সম্ভবত নামবে না। সেক্ষেত্রে সরফরাজ খানকে বাইরেই থাকতে হবে।












Click it and Unblock the Notifications