IND vs BAN: হাসানের সঙ্গে ধাক্কা, চোট এড়ানোর পর জাদেজা মাতালেন সোর্ড সেলিব্রেশনে, চেন্নাইয়ের মাঠে সেরা ইনিংস
IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টের প্রথম দিনে ভারত চালকের আসনে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে রবীন্দ্র জাদেজার অবিচ্ছিন্ন জুটিতেই। অশ্বিন শতরান পেয়েছে।
কেরিয়ারের পঞ্চম তথা চেন্নাইয়ের মাঠে প্রথম টেস্ট শতরানের জন্য জাড্ডুকে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত। ১৪ রান দূরে দাঁড়িয়ে রয়েছেন আপাতত।

জাদেজা ও অশ্বিনের কাছে চেন্নাইয়ের চিপকের কন্ডিশন খুব পরিচিত। অশ্বিনের হোম গ্রাউন্ড। জাদেজা খেলেন চেন্নাই সুপার কিংসে, অনেক ম্যাচ কখনও ব্যাট হাতে, কখনও বল হাতে জিতিয়েছেন। এই দুজনে মিলে এদিন ভারতের চাপ কাটিয়ে নিয়ে গেলেন ভালো জায়গায়।
বাংলাদেশ দলের জার্সির সামনে স্পনসর রবির নাম লেখা রয়েছে দুটি জায়গায়। একটি ছোট, একটি বড় আকারে। তবে সেই রবি-জার্সি পরা বাংলাদেশের বোলারদের ব্যাকফুটে ঠেলে দিলেন ভারতের দুই রবি- রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
জাদেজা চলতি বছর দ্বিতীয় টেস্ট শতরানের অপেক্ষা করছেন। গত ফেব্রুয়ারিতে রাজকোটে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ২২৫ বলে ১১২ রানের ইনিংস খেলেছিলেন। তার আগে হায়দরাবাদ টেস্টে করেছিলেন ৮৭। আজ সাতে নামা জাদেজা অপরাজিত আছেন ১১৭ বলে ৮৬ রানে, মেরেছেন ১০টি চার ও ২টি ছয়।
জাদেজা এদিন অর্ধশতরান করেন ৭৩ বলে। তখন তাঁর নামের পাশে ৫টি চার ও ১টি ছয়। জাদেজা প্রথম টেস্ট শতরান পেয়েছিলেন রাজকোটে। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করেন অপরাজিত ১০০। ২০২২ সালে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২৮ বলে ১৭৫ রানে অপরাজিত ছিলেন। সেই বছরই বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে করেন ১৯৪ বলে ১০৪।
এরপর চলতি বছরে রাজকোটে চতুর্থ শতরান পান। চেন্নাইয়ে কোনও টেস্টে এই ইনিংসেই সর্বাধিক রান করলেন জাড্ডু। এর আগে, ২০২১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫১ রান ছিল তাঁর সেরা স্কোর ছিল চিপকে। আজ অর্ধশতরানের পর জাদেজার চেনা সোর্ড সেলিব্রেশন দেখা গেল। তরবারির মতো ঘোরালেন ব্যাট, যা তারিয়ে উপভোগ করলেন দর্শকরা।
তবে এদিন বড় চোট লাগার থেকে রক্ষা পেয়েছেন জাদেজা। ভারতীয় ইনিংসের ৫০তম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদ জাদেজার বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেন। আম্পায়ার রড টাকার আউট দেন। সেই সময় জাদেজা রান নিতে চেয়ে আবার ক্রিজে ফেরার চেষ্টা করছিলেন। হাসান তা খেয়াল করেননি।
জাদেজার সঙ্গে ধাক্কা লাগলে হাসান শরীরের ভারসাম্য না রাখতে পেরে পড়ে যান জাদেজার উপরেই। এতে পিঠ বা কাঁধে চোট লাগার আশঙ্কা ছিল জাদেজার। কিন্তু কোনও ক্রিকেটারেরই চোট লাগেনি। দুজনে এরপর হাত মেলান। জাদেজা রিভিউ নিয়ে রক্ষা পান। দেখা যান বল তাঁর ব্যাটে লেগে তারপর প্যাডে লেগেছিল।












Click it and Unblock the Notifications