IND vs BAN: বাংলাদেশ সিরিজের আগে চেন্নাইয়ে শুরু ভারতীয় দলের শিবির, চিপকে টেস্টের ট্র্যাক রেকর্ড কেমন?
IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে আগামী বৃহস্পতিবার থেকে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। তার আগে আজ থেকে চেন্নাইয়ে শুরু হয়ে গেল ভারতীয় দলের শিবির।
প্রথম টেস্টে দলে থাকা ক্রিকেটারদের নিয়ে পাঁচ দিনের শিবির হওয়ার কথা। গৌতম গম্ভীর হেড কোচ হওয়ার পর এই প্রথম কোনও টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত।

শ্রীলঙ্কায় টি২০ আন্তর্জাতিক সিরিজের সব ম্যাচই জিতেছিল ভারত। শেষ ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে ভারত জেতায় সিরিজের ফল ছিল ৩-০। এরপর একদিনের আন্তর্জাতিক সিরিজের প্রথম ম্যাচ টাই হয়। বাকি দুটি ম্যাচে জয়লাভ করে শ্রীলঙ্কা। যার ফলে বিশ্বকাপের রানার-আপদের সিরিজ হেরে ফিরতে হয়েছে।
ভারত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সামনে ১০টি টেস্টের উপর নির্ভর করবে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা। বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টই জিততে বদ্ধপরিকর ভারত। গৌতম গম্ভীর যথেষ্ট গুরুত্ব দিয়ে এই সিরিজের আগে চেন্নাইয়ে শিবিরের বন্দোবস্ত করলেন।
বিরাট কোহলি ছিলেন লন্ডনে। তাঁরও চলে আসার কথা। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সকলেই এই শিবিরে থাকবেন। টেস্ট সিরিজের দলে থাকা ক্রিকেটারদের দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচেও খেলতে হচ্ছে না। চেন্নাইয়ের চিপকে যেমন স্পিনাররা সাহায্য পান, তেমনই বাউন্সও থাকে।
ফলে চেন্নাইয়ের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ কিছুটা সময় পাবেন ভারতীয় ক্রিকেটাররা। চেন্নাইয়ের বিমানবন্দরে জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, ঋষভ পন্থদের দেখার জন্য অনেক উৎসাহী ভিড় জমান। ভারত আজ অবধি চেন্নাইয়ে ৩৪টি টেস্ট খেলেছে। তার মধ্যে জিতেছে ১৫টিতে, হার ৭টিতে, ড্র ১১টি, একটি টেস্ট টাই হয়েছে।
২০২১ সালে শেষবার ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে টেস্ট খেলেছিল ভারত। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের কাছে সেখানে হারলেও পরের টেস্টে ৩১৭ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। বিরাট কোহলি চেন্নাইয়ে ৪টি টেস্ট খেলেছেন। ৬ ইনিংসে তিনি ২৬৭ রান করেছেন। একটি শতরান ও দুটি অর্ধশতরান রয়েছে।
রবিচন্দ্রন অশ্বিন হতে পারেন রোহিত শর্মার তুরুপের তাস। তামিলনাড়ুর হয়ে খেলে অশ্বিন চেন্নাই থেকেই উঠে এসেছেন। তিনি চেন্নাইয়ে ৬টি টেস্ট খেলেছেন। ২২৯ রান করার পাশাপাশি ৮ ইনিংসে ৩০টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। সেরা বোলিং ফিগার ইনিংসে ১০৩ রানের বিনিময়ে ৭ উইকেট। রবীন্দ্র জাদেজাও চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিন খেলার সুবাদে এখানকার পরিবেশ, পরিস্থিতিতে ব্যাটে-বলে কার্যকরী হতে পারেন।












Click it and Unblock the Notifications