IND vs BAN: গোয়ালিয়রে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠাল ভারত, ময়াঙ্ক ও নীতীশের অভিষেক
IND vs BAN: আজ থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে তিন ম্যাচের টি২০ সিরিজ। গোয়ালিয়রের ব্র্যান্ড নিউ স্টেডিয়ামে। ১৪ বছর পর আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে এই শহরে।
ভারতীয় দলে আজ দুই ক্রিকেটারের অভিষেক হচ্ছে। দেশের হয়ে প্রথম ম্যাচ খেলবেন ময়াঙ্ক যাদব ও নীতীশ কুমার রেড্ডি। টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠাল ভারত।

শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে আজ খেলা হচ্ছে কালো মাটির তৈরি পিচে। উইকেটে শুকনো ঘাস রয়েছে। তবে উইকেট বেশ শক্ত বলেই পিচ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বিগত চার দিন ধরে শিশির পড়েনি। ফলে ডিউ ফ্যাক্টর হবে না। হাই স্কোরিং ম্যাচ হবে বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, এই স্টেডিয়ামে স্থানীয় ম্যাচগুলিতে প্রচুর রান উঠেছে। ১২টির মধ্যে ৮টিতে জিতেছে রান তাড়া করা দল।
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টস জিতে ফিল্ডিং নিয়ে বলেন, পিচ দেখে ভালোই মনে হচ্ছে। উইকেটের চরিত্র বদলাবে বলে মনে হচ্ছে না। দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। এনার্জিও রয়েছে ভালোই। তিলক বর্মা আজ দলের সঙ্গে যোগ দিয়েছেন শিবম দুবে ছিটকে যাওয়ায়। ফলে তিনি আজ খেলছেন না।
একাদশের বাইরে রয়েছেন রবি বিষ্ণোই, হর্ষিত রানা, জিতেশ শর্মা। ভারতীয় দলে আজ নজর থাকবে পেস সেনসেশন ময়াঙ্ক যাদবের দিকে। আইপিএলে তাঁর মতোই নীতীশ কুমার রেড্ডিও নজর কেড়েছিলেন। তিনিও আজ জাতীয় দলে নিজের দক্ষতা মেলে ধরার সুযোগ পেতে চলেছেন। ২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর এদিনই প্রথম দেশের হয়ে খেলছেন কেকেআরের স্পিনার বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ নামছে তিন সিমার ও দুই স্পিনার নিয়ে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, তিনিও টস জিতলে ফিল্ডিংই নিতেন। ওপেনাররা ভালো শুরু করবেন বলেও তাঁর প্রত্যাশা। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে এবার টি২০ সিরিজে নামছে ভারত। বল ও জার্সির রং বদলে আজ স্পেশ্যাল দিন অপেক্ষা করছে, আশাবাদী শান্ত।
ভারত- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পাণ্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, ময়াঙ্ক যাদব, অর্শদীপ সিং।
বাংলাদেশ- লিটন দাস (উইকেটকিপার), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, মেহিদি হাসান মিরাজ, জাকের আলি, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।












Click it and Unblock the Notifications