IND vs BAN: টেস্টে ছক্কার রেকর্ড ভারতের, রোহিত ছুঁলেন ঈর্ষণীয় কীর্তি, যশস্বীর সঙ্গে জুটিতেও নজির
IND vs BAN: কানপুর টেস্টে ঝোড়ো ব্যাটিংয়ের পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে দুটি উইকেট তুলে নিয়ে জয়ের আশা জাগাল ভারত। রুদ্রমূর্তি ধারণ করলেন ব্যাটাররা।
ফলে টেস্ট, নাকি আইপিএল চলছে, বোঝাই যাচ্ছিল না! একাধিক ব্যক্তিগত ও দলগত নজির দেখা গেল গ্রিন পার্ক স্টেডিয়ামে।

ভারত আজ ৩৪.৪ ওভারে ৯ উইকেটে ২৮৫ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ভারতীয় ইনিংসে দেখা গেল ১১টি ছক্কা। তার ফলে চলতি বছর ভারতের অষ্টম টেস্টে ছক্কার সংখ্যা বেড়ে হলো ৯৬। ২০২২ সালে ইংল্যান্ড টেস্টে মোট ৮৯টি ছয় মেরেছিল। সেই রেকর্ড ভেঙে ভারত এগিয়ে চলেছে এক ক্যালেন্ডার ইয়ারে ছক্কার সেঞ্চুরির দিকে।
এর আগে, ২০২১ সালে টেস্টে ভারত মোট ৮৭টি ছয় মেরেছিল। প্রথম পাঁচে রয়েছে ২০১৪ ও ২০১৩ সালে নিউজিল্যান্ডের যথাক্রমে ৮১ ও ৭১টি ছয় মারার নজির। রোহিত শর্মা নেমেই প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকালেন। টেস্ট ক্রিকেটে এমনটা ঘটল এই নিয়ে চতুর্থবার।
কানপুরে এদিন খালেদ আহমেদের বলে জোড়া ছক্কা দিয়ে শুরু করেন হিটম্যান। ১৯৪৮ সালে জিম লেকারের বলে বার্বাডোজ টেস্টে প্রথম এই নজির গড়েন ফফি উইলিয়ামস। ২০১৩ সালে চিপক টেস্টে সচিন নাথান লিয়ঁর বলে এবং ২০১৯ সালে রাঁচি টেস্টে উমেশ যাদব জর্জ লিন্ডের বলে জোড়া ছক্কা মেরেছিলেন প্রথম দুই বলে।
আজ তিন ওভারে ভারত পঞ্চাশ রানে পৌঁছে যায়। এর আগে, আন্তর্জাতিক ক্রিকেটে কোনও ফরম্যাটেই ২০ বলের মধ্যে ভারতের দলগত রান পঞ্চাশ ছোঁয়নি। গত বছর এশিয়ান গেমসে টি২০ আন্তর্জাতিকে ভারত বাংলাদেশের বিরুদ্ধেই দলগত হাফ সেঞ্চুরিতে পৌঁছেছিল ৩.৪ ওভারে। সেই নজির এদিন ভেঙে গেল।
কমপক্ষে ২০০ বলের টেস্ট ইনিংসে ভারতের আজকের রান রেট টেস্টে সর্বাধিক। ২০২২ সালে রাওয়াপিন্ডি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ড ৩৫.৫ ওভারে ৭ উইকেটে ২৬৪ তুলেছিল, রান রেট ছিল ৭.৩৬। আজ ভারতের তা ছিল ৮.২২। টেস্টে ১০০-র বেশি রান করা কোনও দলের রান রেট ৮ ছোঁয়নি এদিনের আগে।
রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটিতে ওঠে ২৩ বলে ৫৫ রান। রান রেট ১৪.৩৪। টেস্ট ক্রিকেটে রান রেটের নিরিখে এটিই পঞ্চাশ বা তার বেশি রানের দ্রুততম পার্টনারশিপ। চলতি বছর বার্মিংহ্যামে ইংল্যান্ডের বেন স্টোকস ও বেন ডাকেট ৪৪ বলে ৮৭ রানের পার্টনারশিপ গড়েছিলেন, রান রেট ছিল ১১.৮৬।












Click it and Unblock the Notifications