IND vs BAN: চিপকের পিচের চরিত্র নিয়ে ধোঁয়াশা, আজ ভারত ও বাংলাদেশের অনুশীলনে বড় চমক
IND vs BAN: বৃহস্পতিবার থেকে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। খেলা হবে লাল মাটির পিচে। ভারতীয় দল দু-দিন লাল মাটির উইকেটেই অনুশীলন করেছে। যদিও আজ দেখা গেল বড় বদল।
ভারত ও বাংলাদেশ- দুই দলই আজ অনুশীলন করল কালো মাটির তৈরি পিচে। স্বাভাবিকভাবেই পিচের চরিত্র নিয়ে থাকছে ধন্ধ।

লাল মাটির তৈরি পিচে পেসাররা সাহায্য পান। পরের দিকে কার্যকরী হন স্পিনাররা। রোহিত শর্মা আজ জানিয়ে দিয়েছেন, এই সিরিজকে ভারত অস্ট্রেলিয়া সফরের মহড়া হিসেবে ধরছে না। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি ঘূর্ণি পিচেই ভারত বাজিমাত করতে চাইবে?
যদিও ঘূর্ণি পিচ বানিয়েও স্বস্তির আবহ নেই। বিশেষ করে যেভাবে শ্রীলঙ্কায় স্পিনারদের সামলাতে নাজেহাল হয়েছে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। একদিনের আন্তর্জাতিক সিরিজ হেরে ফিরতে হয়েছে। বাংলাদেশ দলেও বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন।
কালো মাটির পিচে সহায়তা পান স্পিনাররা। আজ ভারতের হঠাৎ করে লাল মাটি ছেড়ে কালো মাটির পিচ অনুশীলনের জন্য বেছে নেওয়া নানা জল্পনা তৈরি করেছে। জানা যাচ্ছে, কাল ভারতীয় দল অপশনাল নেট সেশন রেখেছে। কালো মাটির পিচে অনুশীলনে প্রশ্ন উঠছে, তাহলে কি চিপকেও বেশি কার্যকরী হবেন স্পিনাররা?
চেন্নাইয়ে এখন ভালোই গরম রয়েছে। কয়েক সপ্তাহ ধরে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকছে তাপমাত্রা। এই পরিস্থিতিতে টেস্টের জন্য তৈরি রাখা লাল মাটির পিচে জল দেওয়া হচ্ছে। তা সত্ত্বেও টেস্ট গড়ানোর সঙ্গে সঙ্গে পিচ ভাঙার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না অনেকেই।
মনে করা হচ্ছে, চিপকের পিচেও বাজিমাত করতে পারেন স্পিনাররা। সে কারণেই ভারতীয় দল আজ অনুশীলন করল কালো মাটির উইকেটে। যাতে বাংলাদেশের স্পিনারদের সামলাতে অসুবিধা না হয়। ভারতীয় দল যদি তিন স্পিনারে নামে সে কথা মাথায় রেখে স্পিন সহায়ক কালো মাটির পিচে প্র্যাকটিস সেরেছে বাংলাদেশ।
পিচের চরিত্র নিয়ে ধোঁয়াশা থাকার প্রভাব পড়ছে চূড়ান্ত একাদশ তৈরির ক্ষেত্রে। কানপুরে দ্বিতীয় টেস্টে মন্থর ও ঘূর্ণি উইকেটই হবে। সেখানে ভারতের তিন পেসারে নামার অবকাশ নেই। চিপকের লাল মাটির পিচ থেকে ফায়দা আদায় করতে পারেন পেসাররা। সে কারণে বাংলাদেশ সিরিজে ভারতের তিন পেসার নিয়ে নামার সম্ভাবনা থাকছে প্রথম টেস্টেই।
আবার পিচ যদি স্পিনারদের সহায়ক হয়ে ওঠে, সেক্ষেত্রে কী হবে? এই রহস্যের উত্তর ভেদ করাই এখন বড় চ্যালেঞ্জ। তিন স্পিনারে নামলে ভারত রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও কুলদীপ যাদবকেই রাখবে। দুই পেসার- জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ। তিন পেসারে নামলে আকাশ দীপ বা যশ দয়ালের মধ্যে একজন খেলবেন। সেক্ষেত্রে কুলদীপ বাইরে থাকতে পারেন। এমনিতেই রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, ভারতের কম্বিনেশন বদলাবেই। বিশেষ করে জোরে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানোর পরিকল্পনা রয়েছে।












Click it and Unblock the Notifications