IND vs BAN: রোহিতের খোঁচার জবাব দিতে বাংলাদেশের তুরুপের তাস ২ তারকা, সেরা চ্যালেঞ্জের অপেক্ষায় হাথুরু
IND vs BAN: পাকিস্তানে টেস্ট সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। তবে ভারতের বিরুদ্ধে খেলা সেরা চ্যালেঞ্জ। চেন্নাইয়ে এই মন্তব্য করলেন বাংলাদেশের হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।
বৃহস্পতিবার থেকে চেন্নাইয়ে শুরু ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। ভারতের ব্যাটিং অর্ডারকে বিপাকে ফেলতে হাথুরুর বড় অস্ত্র শাকিব আল হাসান ও মেহিদি হাসান মিরাজ।

বাংলাদেশ দল পাকিস্তানের পর ভারতেও সিরিজ জয়ের স্বপ্ন দেখছে। ভারত অধিনায়ক রোহিত শর্মা যদিও বলেছেন, ভারতকে সবাই হারাতে চায়। ফলে তারা এই ভাবনা নিয়ে উপভোগ করুক, মজা পাক। ইংল্য়ান্ডও এ দেশে এসে প্রেস কনফারেন্সে অনেক কথা বলেছিল। তাতে ফোকাস না রেখে আমরা ভালো ক্রিকেট খেলেছিলাম।
ফলে রোহিত ঠারেঠোরে হুঁশিয়ারিই দিয়ে রাখলেন। হাথুরুও মানছেন, ভারতেই সেরা চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বাংলাদেশের হেড কোচের কথায়, এই সিরিজের আগে পাকিস্তানে সিরিজ জয় গোটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। তা সিরিজের ফলাফলের জন্য নয়। যেভাবে আমরা গোটা সিরিজে খেলেছি তার জন্য।
যেভাবে বাংলাদেশ বিভিন্ন পরিস্থিতি সামলেছে তার প্রশংসা করে হাথুরু বলেন, আমরা দুটি টেস্টেই পিছিয়ে ছিলাম। সেখান থেকে কামব্যাক করেছি। একাধিক ক্রিকেটার বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। এতে সামগ্রিকভাবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে বলে দাবি হাথুরুর।
বাংলাদেশের হেড কোচ বলেন, আমাদের দলে ভালো পেসার রয়েছেন। স্পিনাররা ভালো। স্পিনারদের যেমন টেস্ট শতরান রয়েছেন, তেমনই উইকেটকিপাররাও ভালো ব্যাট করতে পারেন। ফলে ব্যাটিং গভীরতা রয়েছে। প্রত্যাশার চাপ সব সময়ই থাকা ভালো। বিশ্বের সেরা দলের বিরুদ্ধে নামতে সকলেই উৎসুক। ভারতে খেলা সেরা চ্যালেঞ্জ। দল হিসেবে আমরা কোথায় দাঁড়িয়ে সেটাও বোঝা যায়।
শাকিব আল হাসান ভারতের বিরুদ্ধে বল হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশা হাথুরুর। শাকিবের টেস্টে ফর্ম আহামরি না থাকায় তিনি কাউন্টি খেলতে গিয়েছিলেন। সারের হয়ে সমারসেটের বিরুদ্ধে ৯ উইকেট পেয়েছেন। হাথুরু বলেন, শাকিবের দক্ষতা অনস্বীকার্য। তিনি ভালো ছন্দেও আছেন।
হাথুরু আরও বলেন, বাংলাদেশ দলের হয়ে নানা সময় শাকিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দলে ভারসাম্য রাখতেও তাঁর উপস্থিতি দরকার। কখনও ব্যাটার, কখনও বোলার বেশি প্রয়োজন পড়লে শাকিবের অল-রাউন্ড দক্ষতা আমাদের কাজ সহজ করে দেয়। অভিজ্ঞতার মাধ্যমে তিনি সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন।
পাকিস্তান সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন মেহিদি হাসান মিরাজ। শাকিব অবসর নিলে তাঁর অভাব মেটাতে মিরাজের উপরই আস্থা হাথুরুর। তিনি বলেন, গত পাঁচ-ছয় বছরে মিরাজ সবচেয়ে বেশি উন্নত করেছেন নিজেকে। শাকিবের জায়গা নেওয়ার দক্ষতা তাঁর রয়েছে। বোলিং তো সেরা। ব্যাটিংয়েও উন্নতি করেছেন। সেই সঙ্গে মিরাজ অসাধারণ ফিল্ডার।












Click it and Unblock the Notifications