IND vs BAN: রোহিত-বিরাটদের উইকেট পেয়েও উচ্ছ্বাসহীন হাসান মাহমুদ, কৃষক-পুত্র খোলসা করলেন কারণ
IND vs BAN: ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শুরুর আগে চর্চায় ছিল নাহিদ রানার নাম। ঘণ্টায় ১৪৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে টানা বল করার ক্ষেত্রে পারদর্শিতার জন্য।
চেন্নাই টেস্টের প্রথম দিন নাহিদ একটি উইকেট পেলেও রান দিয়েছেন অনেক। বাংলাদেশের এদিনের সবচেয়ে উজ্জ্বল মুখ হাসান মাহমুদ।

প্রথম সেশনে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলির উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় সেশনে ফেরান ঋষভ পন্থকে। ভারতীয় তারকাদের সাজঘরে ফেরানোর পরেও চট্টগ্রামের কাছে লক্ষ্মীপুর গ্রাম থেকে উঠে আসা কৃষক পরিবারের সন্তান হাসানকে আগ্রাসীভাবে সেলিব্রেট করতে দেখা যায়নি।
সতীর্থদের সঙ্গে হাত মিলিয়েছেন। এটুকুই! এই টেস্ট খেলতে নামার আগে তিনটি টেস্ট খেলেছেন হাসান। ঝুলিতে ছিল ১৪ উইকেট। পাকিস্তান সফরে তিনিও নজর কেড়েছিলেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে নেন তিন উইকেট, দ্বিতীয় টেস্টে পাঁচ উইকেট। গত মার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়েছিলেন ছয় উইকেট।
উইকেট নেওয়ার পরও সেভাবে সেলিব্রেশনে না মাতার কারণ নিয়ে হাসান এদিন বলেন, আমি যদি উইকেট নেওয়ার পর সেলিব্রেট করি তাহলে ব্য়াটারদের আরও খারাপ লাগবে। সে কারণেই সেলিব্রেশনে মাতি না। তবে যে কোনও উইকেট পেলেই ভালো লাগে। বিশ্বে এই মুহূর্তে সেরা ব্যাটারদের উইকেট নিতে পেরে এদিন ভালোই লেগেছে।
অ্যালান ডোনাল্ড, ওটিস গিবসনরা যখন বাংলাদেশে কোচিং করাতেন, তখন তাঁদের নজর কাড়েন হাসান। রাসেল ডমিঙ্গো হাসানের স্যুইং দেখে বলেছিলেন ঈশ্বর-প্রদত্ত। আজ চেন্নাইয়ে বেশি কিছু না করে, সঠিক জায়গায় বল রেখে পরিকল্পনামাফিক বোলিং করেই সাফল্য মিলেছে, দাবি হাসানের। তবে সকালের তুলনায় পরের দিকে উইকেট ব্যাটিংয়ের পক্ষে সহজ হয়ে যায় বলেও জানান তিনি।
বাংলাদেশ আজ ৮০ ওভার বল করেছে। ফলে স্লো ওভারের জন্য শাস্তির খাঁড়া নামতে পারে। কাল সকালে নতুন বলে শুরু করে ভারতের চারটি উইকেট দ্রুত তুলে নেওয়াই লক্ষ্য বাংলাদেশের। ২০১৫ থেকে চট্টগ্রামের হয়ে অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে শুরু। ২০১৮ সালে নিউজিল্যান্ডে হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুযোগ পান, বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী ছিলেন সেবার।
২০১৯ সালে জায়গা করে নেন অনূর্ধ্ব ২৩ দলে। ইমার্জিং দলের হয়ে এশিয়া কাপ খেলেছেন, সাউথ এশিয়ান গেমসেও খেলেন। ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে নজর কাড়েন হাসান। ২০২০ সালে জিম্বাবোয়ে সিরিজে টি২০ আন্তর্জাতিক অভিষেক হয়।
২০২১ সালে প্রথম একদিনের আন্তর্জাতিক খেলেন। তবে আন্তর্জাতিক অভিষেক হলেও টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় চার বছর। চেন্নাইয়ে আজ হাসান বল দু-দিকে মুভ করিয়েছেন। যা প্রশংসিত হয়েছে। হাসান নিজের বোলিংয়ের আরও উন্নতি ঘটাতে চান। প্রথম দিনের খেলা নিয়ে তাঁর বক্তব্য, মোমেন্টাম একটা সময় আমাদের দিকে ছিল। এখন ভারতের দিকে। তবে যা কিছু হতে পারে। কালকের দিনটি গুরুত্বপূর্ণ। সুযোগ কাজে লাগাতে হবে।












Click it and Unblock the Notifications