IND vs BAN: ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা, শাকিবের অবসরে ভরসা কার উপর?
IND vs BAN: ভারতের বিরুদ্ধে তিন ম্য়াচের টি২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হলো আজ। শাকিব আল হাসান টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন।
ফলে শাকিবের অভাব পূরণের জন্য বাংলাদেশের নির্বাচকরা আস্থা রাখলেন মেহিদি হাসান মিরাজের উপর। সৌম্য সরকার বাদ পড়েছেন। দলে এলেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসান।

গত বছর জুলাইয়ে শেষবার দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন মেহিদি। অলরাউন্ডার শাকিবের অবসরের ফলে বোলিং বিভাগের পাশাপাশি ব্যাটিং বিভাগে শক্তিক্ষয় হয়েছে বাংলাদেশের। মেহিদির যেহেতু ব্যাটের হাতও ভালো, তাই তাঁকেই শাকিবের বিকল্প হিসেবে ভাবা হচ্ছে।
টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে মেহিদি বাংলাদেশ দলে নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে সুযোগ পেলেও, দেশের শেষ ২৪টি টি২০ আন্তর্জাতিকে তাঁকে খেলানোই হয়নি। পারভেজ হোসেন ইমন ওপেনার, রাকিবুল বাঁহাতি স্পিনার। তাঁরাও ফের টি২০ দলে ডাক পেলেন। গত টি২০ বিশ্বকাপের দলে থাকা সৌম্য ভারত সফরের দলে নেই।
বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরফ হোসেনের কথায়, অভিজ্ঞতা ও পারফরম্য়ান্সের নিরিখে শাকিবের সমকক্ষ কেউ নেই। তবে আমাদের আশা, মেহিদি ব্যাটিং অর্ডারে প্রয়োজনে উপরে নেমে মিডল অর্ডারেও আস্থা জোগাতে পারবেন। টেস্ট ও ওডিআইয়ে খেললেও অলরাউন্ডার মেহিদিকে টি২০ বিশ্বকাপের দলে রাখা হয়নি। তবে তিনি ব্যাটার হিসেবেও খেলতে পারেন প্রয়োজনে।
প্রধান নির্বাচকের কথায়, টি২০ বিশ্বকাপে মেহিদিকে না খেলানোর কারণ আমাদের মনে হয়েছিল পাওয়ারপ্লেতে তিনি কার্যকরী হতে পারবেন না। অন্য ফরম্যাটগুলিতে যাতে তাঁর ছন্দ নষ্ট না হয়, সে কারণেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেটা তাঁকে বলাও হয়েছিল। এবার শুধু ফিনিশারের ভূমিকায় নয়, মেহিদিকে ব্যাটিং অর্ডারে উপরেও দেখা যেতে পারে।
মেহিদি ২০টি টি২০ ইনিংসে ২৪৮ রান করেছেন। গড় ১৪.৫৮, স্ট্রাইক রেট ১১৮.৬৬, সর্বাধিক স্কোর ৪৬। ওপেনার হিসেবে খেলেছেন ২টি ম্যাচে। পাঁচ ও ছয়ে ব্যাট করেছেন ১ বার করে। অন্যদিকে, ছন্দে থাকায় বাঁহাতি ওপেনার পারভেজকে সুযোগ দেওয়া হলো। বাঁহাতি স্পিনার তনভীর ইসলামের চোট থাকায় দলে এলেন রাকিবুল।
মাহমুদুল্লাহকেও সুযোগ দেওয়া হয়েছে। নির্বাচকরা আগামী নিয়ে পরিকল্পনা করলেও অভিজ্ঞতাকেও দাম দিচ্ছেন। তাঁরা মনে করছেন মাহমুদুল্লাহ এখনও এই ফরম্যাটে কার্যকরী হতে পারেন। পেস আক্রমণেও কোনও রদবদল করা হয়নি। ৬ তারিখ গোয়ালিয়রে টি২০ সিরিজ শুরু। এরপর খেলা রয়েছে অক্টোবরের ৯ ও ১২ তারিখ যথাক্রমে দিল্লি ও হায়দরাবাদে।
বাংলাদেশের টি২০ দল- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, লিটন দাস, জাকের আলি, মেহিদি হাসান মিরাজ, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রাকিবুল হাসান।












Click it and Unblock the Notifications