IND vs BAN: অশ্বিনের দুরন্ত শতরান, বল হাতে ম্যাজিক দেখানোর আগে চেন্নাইয়ে কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি
IND vs BAN: ভারতের টপ ও মিডল অর্ডারে ধস নামালেও বাংলাদেশের বোলিং আক্রমণ ভোঁতা হয়ে গেল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটির কাছে। অশ্বিন হাঁকালেন ষষ্ঠ টেস্ট শতরান।
ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে। চাপ কাটাতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের রণকৌশলকেই বেছে নেন। যার নিট ফল ভারত ঘুরে দাঁড়াল। অশ্বিন নিজের হোম গ্রাউন্ড চিপকে পেলেন দ্বিতীয় টেস্ট শতরান।

অশ্বিন ব্যাট করতে নামার সময় ভারতের স্কোর ছিল ৪২.২ ওভারে ৬ উইকেটে ১৪৪। চার বলের ব্যবধানে ভারত হারিয়েছে যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলকে। সেখান থেকে ভারতকে টেনে তুলল জাদেজা-অশ্বিনের পার্টনারশিপ। জাদেজার পরে নেমেও আগে অর্ধশতরান পেলেন অশ্বিন, শতরানও।
জাদেজাও যেভাবে খেলছেন তাতে তাঁর শতরান পাওয়াও অসম্ভব নয়। অশ্বিন ৫৮ বলে ৫০ রান পূর্ণ করেন। শতরান আসে ১০৮ বলে, ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে। ২০২১ সালে অশ্বিন চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে ১০৬ রান করেছিলেন। সেটি ছিল তাঁর পঞ্চম টেস্ট শতরান।
তিন বছর সাত মাস পর সেই চেন্নাইয়ের চিপকেই ফের টেস্ট শতরান দেখা গেল অশ্বিনের ব্যাটে। অশ্বিন প্রথম টেস্ট শতরান করেছিলেন ২০১১ সালে ওয়াংখেড়েতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (১৮০ বলে ১০৩)। ২০১৩ সালে ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১০ বলে ১২৪ টেস্টে এখনও অবধি অশ্বিনের ব্যক্তিগত সর্বাধিক রান।
২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুটি শতরান করেছিলেন অশ্বিন। নর্থ সাউন্ডে ২৫৩ বলে ১১৩ ও গ্রস আইলেটে ২৯৭ বলে ১১৮ রান করেছিলেন। দেখা যাচ্ছে অশ্বিনের টেস্ট শতরানগুলির মধ্যে চারটিই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে একটি করে টেস্ট সেঞ্চুরি হলো তাঁর।
চেন্নাই টেস্টের প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৩৯। অশ্বিন ও জাদেজা ১৯৫ রান যোগ করেছেন। অশ্বিন ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১২ বলে ১০২ রান করে অপরাজিত রয়েছেন। কাল তিনি টেস্ট কেরিয়ারের সেরা ইনিংস লক্ষ্যে থাকবেন।
রবীন্দ্র জাদেজা অপরাজিত আছেন ১১৭ বলে ৮৬ রানে। তিনিও ১০টি চার ও ২টি ছয় মেরেছেন। জাদেজা পঞ্চম টেস্ট শতরানের প্রতীক্ষায়। চেন্নাই সুপার কিংসে খেললেও চিপকে জাদেজার একটিও টেস্ট সেঞ্চুরি নেই। হাসান মাহমুদ চারটি এবং নাহিদ রানা ও মেহিদি হাসান মিরাজ একটি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications