IND vs BAN: কানপুরে টেস্ট খেলেননি ভারতীয় দলের অনেকেই, অশ্বিনের সামনে বিরাট নজিরের হাতছানি
IND vs BAN: কানপুর টেস্টের জন্য চেন্নাই টেস্টের দলই অপরিবর্তিত রেখেছে ভারত। যার ফলে দেখা যাচ্ছে, ভারতীয় টেস্ট দলের অনেকেরই গ্রিন পার্ক স্টেডিয়ামে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই।
চেন্নাই টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি। নিউজিল্যান্ড সিরিজের আগে তাঁরা ছন্দে ফিরতে মরিয়া। গ্রিন পার্কে তাঁরা এই নিয়ে দ্বিতীয়বার টেস্ট খেলবেন, তাও ৮ বছর পর।

২০২১ সালে কানপুরে যে শেষ টেস্টটি হয়েছিল তাতে অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দলের প্রথম একাদশে থাকা মাত্র চারজন ভারতের বর্তমান টেস্ট দলে রয়েছেন। তাঁরা হলেন- শুভমান গিল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। অক্ষর সেই টেস্টে প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নেন।
অক্ষর অবশ্য চেন্নাই টেস্টের প্রথম একাদশে ছিলেন না। কানপুর টেস্টে ভারত ২০২১ সালের মতোই দুই পেসার ও তিন স্পিনারে নামতে পারে। সেক্ষেত্রে কুলদীপ যাদব, নাকি অক্ষর প্যাটেল সুযোগ পান সেটা দেখার। অক্ষর অবশ্য এগিয়ে থাকবেন ব্যাটিং দক্ষতার জন্য। তবে বৈচিত্র্য আনতে খেলানো হতে পারে কুলদীপ যাদবকে।
২০১৬ সালে বিরাট কোহলির নেতৃত্বে ভারত কানপুর টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ১৯৭ রানে। বিরাট ছাড়াও সেই টেস্টের দলে থাকা যে ক্রিকেটাররা বর্তমান দলে আছেন তাঁরা হলেন- লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।
জাড্ডু সেবার অপরাজিত ৪২ ও অপরাজিত ৫০ রানের ইনিংস খেলে প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হন। গ্রিন পার্কে জাড্ডুর ব্যাট হাতে সাফল্য রয়েছে। জাদেজা কানপুরে ২টি টেস্টে চার ইনিংসে ২টি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ২০২১ সালের টেস্টে প্রথম ইনিংসে করেন ৫০ রান।
২০১৬ সালে কানপুরে বিরাট কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসে ১০ বলে ৯ ও দ্বিতীয় ইনিংসে ৪০ বলে ১৮ রান করেছিলেন। রোহিত শর্মা সেই টেস্টে ছয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে করেন ৬৭ বলে ৩৫। দ্বিতীয় ইনিংসে ৯৩ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন।
রবিচন্দ্রন অশ্বিন কানপুরে ২টি টেস্টে চার ইনিংসে ১৬ উইকেট দখল করেছেন। আর ৬টি উইকেট পেলেই তিনি গ্রিন পার্ক টেস্টে সফলতম টেস্ট স্পিনারের স্বীকৃতি আদায় করে নেবেন। ৩টি টেস্টে ৬ ইনিংসে কানপুরে অনিল কুম্বলে ২১টি উইকেট নিয়েছেন। ৪ টেস্টে হরভজন সিংয়ের রয়েছে ২০ উইকেট। সুভাষ গুপ্তের রয়েছে তিন টেস্টে ৬ ইনিংসে ১৯ উইকেট।
ফলে অশ্বিন যা ছন্দে আছেন তাতে গুপ্তে বা ভাজ্জিকে ছুঁতে অসুবিধা হওয়ার কথা নয়। দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট পেলে কুম্বলেকেও টপকে যেতে পারেন। কানপুরে টেস্টে অবশ্য সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি রয়েছে কপিল দেবের। কপিল এখানে ৭টি টেস্ট খেলে ৯ ইনিংসে ২৫টি উইকেট নিয়েছেন।












Click it and Unblock the Notifications