IND vs BAN: অশ্বিনই সিরিজ-সেরা, কানপুরে মুরলীকে ছুঁয়ে থাবা বসালেন বিশ্বরেকর্ডে
IND vs BAN: কানপুর টেস্টের আড়াই দিন বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল। তারপরও এক সেশন হাতে রেখে ভারত জিতে নিল সিরিজ। বাংলাদেশকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করে।
রবিচন্দ্রন অশ্বিন পেলেন সিরিজ সেরার পুরস্কার। সেই সঙ্গে গ্রিন পার্কে তিনি স্পর্শ করলেন মুথাইয়া মুরলীধরনের বিশ্বরেকর্ড।

দুই টেস্টের সিরিজে অশ্বিন ব্যাট হাতে ১১৪ রান করার পাশাপাশি বল হাতে তুলে নিয়েছেন ১১ উইকেট। চেন্নাইয়ে শতরানও হাঁকিয়েছেন। কানপুর টেস্টেই ভেঙেছেন অনিল কুম্বলের কীর্তি। এশিয়ার মাটিতে টেস্টে ভারতীয় হিসেবে সর্বাধিক উইকেট দখলের নিরিখে।
অশ্বিন বলেন, দলের হয়ে পারফর্ম করতে পেরে খুশি। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের পয়েন্ট তালিকার নিরিখে এটি আমাদের কাছে খুব বড় একটি জয়। যখন গতকাল লাঞ্চের পর বাংলাদেশকে আমরা অল আউট করি, তারপরই রোহিত (শর্মা) আমাদের জয়ের জন্য ঝাঁপানোর কথা বলেন। তিনিই প্রথম বলে ছক্কা হাকিয়ে ম্যাচের টোন সেট করে দেন।
জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপদের পাশাপাশি রবীন্দ্র জাদেজার বোলিংয়েরও প্রশংসা করেছেন অশ্বিন। তাঁর কথায়, এই বোলিং আক্রমণের অংশ হতে পেরে গর্বিত। অশ্বিন আরও জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে যতটা ক্যারম বল ব্যবহার করেন, টেস্টে তা করেননি। ছন্দ ধরে রেখেই একেকটি স্পেলে প্রয়োজনীয় কিছু রদবদল করতেই তিনি ফোকাসড থাকেন।
টেস্টে মুরলীধরন ৫৬টি সিরিজ খেলে ১১ বার সিরিজ সেরা হয়েছেন। অশ্বিনও এই নিয়ে একাদশ প্লেয়ার অব দ্য সিরিজের পুরস্কারটি পেলেন। মুরলীকে ছুঁয়ে ফেললেন অনেক কম সিরিজ খেলেই। বাংলাদেশ সিরিজটি ছিল অশ্বিনের কেরিয়ারের ৩৫তম টেস্ট সিরিজ। ফলে এই বিশ্বরেকর্ডে আপাতত মুরলীর সঙ্গে যুগ্মশীর্ষে থাকা অশ্বিন এককভাবেই অদূর ভবিষ্যতে রেকর্ডের দখল নিতে পারবেন বলে মনে করা হচ্ছে।
অশ্বিন চেন্নাই টেস্টে ১১৩ রান করেছিলেন। প্রথম ইনিংসে উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে তুলে নিয়েছিলেন ৬ উইকেট, ৮৮ রানের বিনিময়ে। কানপুর টেস্টে অশ্বিন ১ রান করেন। প্রথম ইনিংসে ৪৫ রান দিয়ে ২টি এবং দ্বিতীয় ইনিংসে ৫০ রান খরচ করে নিলেন তিন উইকেট।
টেস্টে সবচেয়ে বেশি ১১ বার প্লেয়ার অব দ্য সিরিজ হয়ে শীর্ষে আপাতত অশ্বিন ও মুরলী। টেস্টে ৯ বার সিরিজ-সেরা হয়েছেন জ্যাক কালিস। আটবার করে টেস্টে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন স্যর রিচার্ড হেডলি, ইমরান খান ও শেন ওয়ার্ন।












Click it and Unblock the Notifications