IND vs BAN: অশ্বিন-জাদেজার অবিচ্ছেদ্য জুটিতে চেন্নাই টেস্টে চালকের আসনে ভারত, ভাঙার মুখে কপিল-কিরমানির কীর্তি
IND vs BAN: মর্নিং শোজ দ্য ডে- কথাটি খাটল না চেন্নাই টেস্টের প্রথম দিনের খেলায়। মেঘলা আকাশ দেখে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরেছিল বাংলাদেশ।
প্রথম দুটি সেশনে তিনটি করে উইকেট তুললেও তৃতীয় সেশনেই ব্যাকফুটে চলে গেল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম দুটি সেশনেই ভারত ৮৮ রান করে তুলেছিল। তৃতীয় সেশনে উঠল ৩২ ওভারে ১৬৩, কোনও উইকেট না হারিয়ে।

প্রথম দিনের শেষে ভারত ৮০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩৯ রান তুলেছে। আটে নামা রবিচন্দ্রন অশ্বিন ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১২ বলে ১০২ রানে অপরাজিত আছেন। রবীন্দ্র জাদেজাও সমসংখ্যক চার ও ছয় হাঁকিয়ে ১১৭ বলে ৮৬ রানে নট আউট রয়েছেন।
যশস্বী জয়সওয়াল ১১৮ বল খেলে ৫৬ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ১৯ বলে ৬, শুভমান গিল ৮ বলে ০, বিরাট কোহলি ৬ বলে ৬, ঋষভ পন্থ ৫২ বলে ৩৯, লোকেশ রাহুল ৫২ বলে ১৬ রান করে আউট হন। রোহিত, গিল, বিরাট ও পন্থকে ফেরান হাসান মাহমুদ।
কেরিয়ারের চতুর্থ টেস্ট খেলতে নামা হাসান মাহমুদের ১৮ ওভারে চারটি মেডেন, ৫৮ রান খরচ করে তুলে নিয়েছেন চারটি উইকেট। নাহিদ রানা ২টি মেডেন-সহ ১৭ ওভারে ৮০ রান দিয়ে নেন ১ উইকেট। মেহিদি হাসান মিরাজের ২১ ওভারে ২টি মেডেন, তিনি ৭৭ রান খরচ করে একটিই উইকেট পেয়েছেন।
শাকিব আল হাসান ৮ ওভারে ৫০, মোমিনুল হক ১ ওভারে ৪ এবং তাসকিন আহমেদ ১টি মেডেন-সহ ১৫ ওভারে ৪৭ রান খরচ করে কোনও উইকেট পাননি।
এদিন, জাদেজা ও অশ্বিন স্পর্শ করলেন কপিল দেব ও সৈয়দ কিরমানির কীর্তি। টেস্টে ভারতীয়দের মধ্যে সপ্তম উইকেট বা তারও নীচের কোনও জুটিতে সর্বাধিক রান তোলার রেকর্ড রয়েছে কপিল দেব ও সৈয়দ কিরমানি জুটির। ১৪ ম্যাচে তাঁরা ৬১৭ রান যোগ করেছেন।
আজ অশ্বিন ও জাদেজা শতরানের পার্টনারশিপ গড়ায় টেস্টে দ্বিতীয় ভারতীয় জুটি হিসেবে সপ্তম উইকেট বা তার নীচের উইকেট জুটিতে ৫০০ রান করার কীর্তি গড়লেন। ফলে কপিল-কিরমানি জুটি ভাঙাও স্রেফ সময়ের অপেক্ষা। অশ্বিন ও জাদেজার লাগল ১৪টি ম্যাচ।
এই তালিকার তিনে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ও ভিভিএস লক্ষ্মণের জুটি (৩ ম্যাচে ৪৮৬ রান)। সৈয়দ কিরমানি ও রবি শাস্ত্রীর পার্টনারশিপে ৮ ম্যাচে ৪৬২ রান উঠেছিল। রবীন্দ্র জাদেজা ও ঋদ্ধিমান সাহার জুটিতে ৯ ম্যাচে ওঠে ৪২১।












Click it and Unblock the Notifications