IND vs AUS World Cup Final 2023: ম্যাচ পরিচালকদের নাম ঘোষণা আইসিসির, টিম ইন্ডিয়ার জন্য আনলাকি আম্পায়ার!
রবিবার মোতেরায় ভারত বনাম অস্ট্রেলিয়ার মেগা ফাইনাল ম্যাচ। ভারত ঘরের মাঠে খেলতে নামছে তৃতীয়বার একদিনের বিশ্বকাপ জয়ের লক্ষ্যে। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ জয়ের সংখ্যাকে ৫ থেকে ছয় করার চ্যালেঞ্জ। মেগা এই ম্যাচে পরিচালনার দায়িত্ব থাকবে কাদের উপরে? নিয়ম মেনেই ম্যাচের ৪৮ ঘণ্টা আগে তা প্রকাশ করল আইসিসি।
বিশ্বকাপ ফাইনালে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো,রিচার্ড ইলিংওর্থ। এছাড়া বিশ্বকাপ ফাইনালে থার্ড আম্পায়ারের ভূমিকা পালন করবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন অ্যান্ডি পাইক্রফট। রিচার্ড কেটেলবরো নাম খুব একটা খুশি করতে পারে না ভারতীয় শিবিরকে। কারণ মাঠে তাঁর উপস্থিতিতে খুব একটা ভালো ফল হয়নি ভারতের। বিশেষ করে আইসিসির নক আউটের ম্যাচে। তাই ফাইনালের আগে কেটেলবরোর কাঁটা খচখচ করছে টিম ইন্ডিয়ার কাছে।

এমনকি ২০২১ ও ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের হেরে যাওয়া ২টি ম্যাচে থার্ড আম্পায়ার ছিলেন কেটেলবরো। সেই ম্যাচ গুলিতেও ভারত হারে। তাই ভারতীয় সমর্থকরা একেবারেই খুশি নন আইসিসির এই সিদ্ধান্তে। যদিও এরআগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে একটি নিশ্চিত হোয়াইড না দিয়ে বিরাট কোহলিকে শতরান করার সুযোগ করে নেন এই আম্পায়ারই।
প্রথম সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে অনফিল্ড আম্পায়ার ছিলেন রিচার্ড ইলিংওয়ার্থ। তাতে টিম ইন্ডিয়ার জয়ে কিছু যায় আসেনি। ডিআরএস আসার পরে আধুনিক ক্রিকেটে আম্পায়ারদের ভূমিকা অনেকটাই কমে এসেছে, কারণে প্রায় সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই যায় টিভি বা থার্ড আম্পয়ারের কাছে। তবে এটাও ঠিক এলবি আউটের ক্ষেত্রে অনফিল্ড আম্পয়ারের একটা সফট সিগন্যাল পুরো ম্যাচের ফল বদলে দিতে পারে।












Click it and Unblock the Notifications