IND vs AUS World Cup Final 2023:মঙ্গলে ঊষা, বুধে সেমি, ভারত হারেনি বিশ্বকাপের ফাইনাল, রোহিতদের জন্য শুভ ইঙ্গিত
রবিবার বিশ্ব ক্রিকেটের সুপার সানডে। একদিনের বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে শুধু মাঠে ক্রিকেটারদের পারফরম্যান্স নয় একইসঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড-পরিসংখ্যান এবং তারসঙ্গে কিছু সংস্কারও। আধুনিক যুগে খেলাধূলাটাও একটা বিজ্ঞাণ। কিন্তু যেখানে কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে সেখানে সংস্কারকে আগ্রাহ্য করা যায় কীভাবে?
ভারত ফাইনালে উঠতেই দেশজুড়ে রোহিত-বিরাটদের নিয়ে উন্মাদনা তুঙ্গে। জ্যোতিষীরাও ভাগ্য গণনা শুরু করে দিয়েছেন ক্রিকেটারদের। কিন্তু এরইমধ্যে উঠে আসছে নানান পরিসংখ্যান। সৌভাগ্যের বিষয় হল এবার কিন্তু প্রতিটি পরিসংখ্যানই ভারতীয় দলের পক্ষে যাচ্ছে। এমনকি যারা সংস্কারে বিশ্বাস করেন তাঁরাও এমন তথ্য হাজির করেছেন তা সমর্থকদের স্বপ্নকে আরও উস্কে দিচ্ছে।

১৯৮৩ সালের ভারত প্রথমবার বিশ্বকাপ জিতেছিল। সেই বছর ভারত সেমিফাইনাল খেলেছিল ২২ জুন, দিনটা ছিল বুধবার। সেই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে কপিল দেবের দল। ২০১১ সালেও ভারত সেমিফাইনাল খেলেছিল ৩০ মার্চ। মোহালিতে পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচও হয়েছিল বুধবার। ভারত জয় পেয়ে ফাইনালে উঠে।
কাকতালীয় হলেও এটাই সত্যি, চলতি বছর ভারত সেমিফাইনাল খেলেছে বুধবারই। গত ১৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট কানফার্ম করেছে ভারত। কপিল-ধোনির মতোই ট্রফি ভাগ্য সঙ্গ দেবে রোহিতকেও? অন্যদিকে ২০০৩ সালে ভারত বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল ২০ মার্চ। দিনটা ছিল বৃহস্পতিবার। ফাইনালে উঠলেও ট্রফি জয় অধরাই থাকে সৌরভের দলের।
ক্রিকেট সব সময়ই অনিশ্চয়তার খেলা, সেখানে রেকর্ড-পরিসংখ্যান বা সংস্কারের কোনও জায়গা নেই। বিশেষ করে ফাইনালের মতো মঞ্চে। সেইদিন মাঠে যারা ভালো খেলবে তারাই জিতবে।












Click it and Unblock the Notifications