পিঙ্ক টেস্টের ভেন্যু অ্যাডিলেড বিরাটের কেরিয়ারে কেন পয়া মাঠ?
পিঙ্ক টেস্টের ভেন্যু অ্যাডিলেড বিরাটের কেরিয়ারে কেন পয়া মাঠ?
কাউন্টডাউন শুরু!বৃহস্পতিবার থেকে বর্ডার-গাভাসকর টেস্ট সিরিজে পর্দা উঠতে চলেছে। অ্যাডিলেডে পিঙ্ক বলে দিন রাতের মহারণ দিয়ে দ্বৈরথ শুরু। এই অ্যাডিলেড মানেই বিরাট কোহলির কেরিয়ারে অন্যতম পয়া মাঠ। একনজরে কোহলির কেরিয়ারে এই মাঠ কেন পয়া, জেনে নেওয়া যাক।

অ্যাডিলেডে বিরাটের ব্যাটে কটি সেঞ্চুরি রয়েছে
অস্ট্রেলিয়ার এই মাঠে বিরাট এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে তিনটি সেঞ্চুরি পেয়েছেন। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা টেস্ট সিরিজ ধরলে বিরাট এই নিয়ে ডনের দেশে চার নম্বর টেস্ট সিরিজ খেলতে চলেছেন। অজিভূমে ২০১২ সালে প্রথম টেস্ট খেলেন বিরাট।

আন্তর্জাতিক টেস্টের প্রথম শতরান ও অ্যাডিলেড কানেকশন
২০১২ সফরে এই অ্যাডিলেডেই কোহলি তাঁর আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের প্রথম শতরান হাঁকান। সেবার মাইকেল ক্লার্কে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ছয় নম্বরে ব্যাট করতে এসে ২১৩ বলে ১১৬ রান হাঁকান। ইনিংসটি ১১টি চার ও ১টি ছক্কা হাঁকানো ছিল।

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি
পরবর্তী সময়ে ২০১৪ সফরে অ্যাডিলেডে বিরাট দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকান। অজিভূমে সেবার সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৮৪ বলে ১১৫ রান হাঁকান। ১২টি চারে ইনিংস সাজানো ছিল। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৫ বলে ১৪১ হাঁকিয়ে আউট হয়েছিলেন। ইনিংসটি ১৬টি চার ও ১টি ছক্কায় সাজানো ছিল।

শেষ সিরিজে অ্যাডিলেডে বিরাটের ব্যাটিং
চার বছর পর ২০১৮ সালের সফরে অ্যাডিলেডে বিরাট অবশ্য সেঞ্চুরি পাননি। দুই ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ৩ ও ৩৪। দরজায় ফের এবার কড়া নাড়ছে অ্যাডিলেড টেস্ট। ২০১৪ সালে অ্যাডিলেডে জোড়া সেঞ্চুরি পাওয়ার ছয় বছর পর বিরাট ডনের দেশের পয়া মাঠে বিরাট সেঞ্চুরি হাঁকাতে পারেন কিনা, সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications