IND vs AUS T20Is: রোহিতকে ছুঁয়েই দেশে ফিরলেন ম্যাক্সওয়েল, টি ২০ আন্তর্জাতিকে হিটম্যানের কোন রেকর্ড টলমল?
India vs Australia: গুয়াহাটিতে একাধিক নজির গড়ে ভারতকে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে পরাস্ত করেছে অস্ট্রেলিয়া। এই স্টেডিয়ামে অজিদের বিরুদ্ধে এবারও জয় পেল না মেন ইন ব্লু।
২০১৭ সালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। গতকালের জয় এসেছে ৫ উইকেটে। গ্লেন ম্যাক্সওয়েলের বিধ্বংসী অপরাজিত শতরানের সৌজন্যে।

শেষ ওভারে দরকার ছিল ২১ রান। এই প্রথম শেষ ওভারে এত রান সফলভাবে তাড়া করল কোনও দল। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ ও গত বছর পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কা শেষ ওভারে ১৯ তুলে ম্যাচ জিতেছিল। সেই নজির ভেঙে গিয়েছে গতকাল।
ম্যাক্সওয়েলের টি ২০ আন্তর্জাতিক শতরানের সংখ্যা হলো চার। শতরানের সংখ্যার নিরিখে ধরে ফেললেন রোহিত শর্মাকে। রোহিতের চারটি শতরান রয়েছে ১৪০ ইনিংসে, ম্যাক্সওয়েলের ৯২ ইনিংসে। ম্যাক্সওয়েলের চারটি টি ২০ আন্তর্জাতিকের তিনটিই রান তাড়া করতে গিয়ে, চার বা তারও পরে নেমে। এই নজিরেও ধরাছোঁয়ার বাইরে ম্যাক্সওয়েল।
লোকেশ রাহুল, বাবর আজম ও মহম্মদ ওয়াসিম রান তাড়া করতে নেমে টি ২০ আন্তর্জাতিকে ২টি করে শতরান করেছেন। দেশে ফেরার আগে তাঁদেরও পিছনে ফেলে দিলেন ম্যাক্সওয়েল। রোহিত শর্মা গত বছরের টি ২০ বিশ্বকাপের পর থেকে টি ২০ আন্তর্জাতিক খেলেননি। খেলবেন কিনা আদৌ তা নিশ্চিত নয়। ফলে রোহিতের সর্বাধিক শতরানের রেকর্ড ভেঙে দিতেই পারেন ম্যাক্সওয়েল।
শততম টি ২০ আন্তর্জাতিকে প্রথম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিক শতরান করলেন ম্যাক্সওয়েল। এ ক্ষেত্রেও তিনি ভেঙেছেন রোহিতের নজির। ২০১৯ সালে কেরিয়ারের শততম টি ২০ আন্তর্জাতিকে রোহিত বাংলাদেশের বিরুদ্ধে ৮৫ রান করেছিল। কোনও ক্রিকেটারের শততম টি ২০ আন্তর্জাতিকে সেটিই ছিল ব্যক্তিগত সর্বাধিক রান।
গতকাল ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলা ম্যাক্সওয়েল শতরান পূর্ণ করতে নেন ৪৭ বল। অস্ট্রেলিয়ার ব্যাটারদের মধ্যে টি ২০ আন্তর্জাতিকে তিনি দ্রুততম শতরানের নিরিখে যুগ্মশীর্ষে রইলেন। চলতি সিরিজে বিশাখাপত্তনমে জশ ইনগ্লিস ও ২০১৩ সালে সাউদাম্পটনে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যারন ফিঞ্চ ৪৭ বলেই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন।
ভারতের বিরুদ্ধে গত বছর দক্ষিণ আফ্রিকা ২১২ রানের টার্গেট সফলভাবে তাড়া করেছিল দিল্লিতে। ভারতের বিরুদ্ধে সর্বাধিক রান তাড়া করে টি ২০ জেতার নজির এবার গেল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৮ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অজিরা ২৪৪ রান তাড়া করে জিতেছিল। তারপর রইল গতকালের ২২৩ রানের টার্গেটে সফলভাবে পৌঁছে যাওয়ার নজির।












Click it and Unblock the Notifications