IND vs AUS T20I: সাফল্যের রহস্য ফাঁস করলেন ফিনিশার রিঙ্কু, কেকেআর তারকাকে বিরাট সার্টিফিকেট অধিনায়কের
IND vs AUS T20I: ফিনিশার হিসাবে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্তপোক্ত করছেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল ১৪ বলে ২২ রানের ইনিংস।, এরপর দ্বিতীয় ম্যাচে আরও ঝকঝকে পারফরম্যান্স উপহার দিলেন নাইট তারকা। ৯ বলে করলেন অপরাজিত ৩১ রান। স্ট্রাইকরেট ৩৪৪.৪৪। ছয় নম্বরে ব্যাট করতে নেমেও দুরন্ত পারফরম্যান্স করছেন ভারতীয় দলের নতুন তারকা।
আইপিএলের মঞ্চেই নিজেকে ফিনিশার হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন কেকআরের এই ব্যাটসম্যান। তার জেরেই খুলে যায় জাতীয় দলের দরজা। টি২০ দলে সুযোগ পেয়েই তা দারুণভাবে কাজে লাগাচ্ছেন রিঙ্কু। কিন্তু তাঁর মারকাটারি ব্যাটিংয়ের সাফল্যের রহস্য কী? অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচের নিজের মুখেই সেই কথা জানিয়েছেন রিঙ্কু।

দ্বিতীয় ম্যাচ শেষে রিঙ্কু বলেন, 'মূলত আমি ছয় নম্বরে ব্যাট করতে নামি, আমি জানি এই জায়গায় ব্যাট করতে নামলে কীভাবে রান তুলতে হয়। ডেথ ওভারে প্রতিপক্ষ দলের বোলাররা অনেক পরীক্ষা চালান বল হাতে। আমার নজর থাকে বলটা পিচে কোথায় পড়ছে সেদিকেই। শট মারার আগে বুঝে নেওয়ার চেষ্টা করি বলটা দ্রুত গতিরা না আস্তে আসছে। সেই অনুযায়ী শট নির্বাচন করি।'
সাফল্যের পিছনে থাকে সাধনাও। সেই কথাও তুলে ধরেছেন রিঙ্কু সিং। সাধারণত ম্যাচে খুবই কম বল হাতে থাকে কেকেআর তারকার। এরইমধ্যে নিজেকে মেলে ধরতে হয়, দলের স্কোরবোর্ডে অবদান রাখতে হয়। এর জন্য দলের কোচ ভিভিএস লক্ষ্মণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় দলের এই ব্যাটসম্যান।
রিঙ্কুর কথায়, 'সব সময় আমি ৫ বা ৬ ওভার ব্যাট করার সুযোগ পাই, তা কিন্তু নয়, অনেক সময়ই ২ ওভারও ব্যাট করার সুযোগ পাই।সেই বিষয়টি খেয়াল রেখেই নেটে অনুশীলন করতে হয়। কীভাবে স্লগ ওভারে বেশি রান করা যায় সেই বিষয়ে লক্ষ্মণ স্যারের থেকে অনেক পরামর্শ পেয়েছি।'
চলতি বছরের অগাস্টে আয়ারল্যান্ড সফরে অভিষেক হয় কেকেআর ব্যাটসম্যানের। এরপর চিনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের দলেও ছিলেন। আগামী বছর জুন মাসে টি২০ বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়েই মিশন বিশ্বকাপ শুরু হয়ে গিয়েছে মেন ইন ব্লুর। টি২০-তে ভারতীয় দলে জায়গা ক্রমশ শক্ত করছেন কেকেআরের রিঙ্কু। তবে এরইমধ্যে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখতে শুরু করেছেন টিম ইন্ডিয়ার নতুন তারকা।
রিঙ্কুকে বড় সার্টিফিকেট দিলেন অধিনায়ক সূর্যকুমার। ভারত অধিনায়ক বলেন, 'শেষ ম্যাচে যখন রিংকুকে ব্যাট করতে দেখেছিলাম, তখন ও যে দৃঢ়তা দেখিয়েছিল তা ছিল দুর্দান্ত। এটা কাকে মনে করিয়ে দিল? সেই উত্তর সবাই জানে।'












Click it and Unblock the Notifications