অজি ব্যাটিংয়ে ধস নামিয়ে মেলবোর্ন টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারত, দুরন্ত নেতৃত্ব রাহানের
অজি ব্যাটিংয়ে ধস নামিয়ে মেলবোর্ন টেস্ট জয়ের স্বপ্ন দেখাচ্ছে ভারত, দুরন্ত নেতৃত্ব রাহানের
নেতা রাহানের অধিনায়কত্বে যেন পাল্টে যাওয়া ভারত! মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন ব্যাটে সেঞ্চুরি হাঁকিয়ে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবার তৃতীয় দিনে অধিনায়ক হিসেবে একের পর এক দারুণ সিদ্ধান্তে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে ধস নামিয়ে ভারতকে সুবিধেজনক জায়গায় পৌঁছে দিলেন অজিঙ্ক।

মেলবোর্নে তৃতীয় দিনে দুরন্ত বোলিংয়ে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাচ্ছে ভারত। সৌজন্যে অজিঙ্ক রাহানের দুরন্ত ক্যাপ্টেন্সি। অ্যাডিলেডে ৩৬ রানে অলআউটের মহাবিপর্যয়ে ধাক্কা কাটিয়ে দ্বিতীয় টেস্টে ভারত এদিন ৩২৬ রানে ইনিংস শেষ করে। রাহানের ১১২ ও জাদেজার ৫৭ রানে ভর করে রানের পাহাড়ে ভারত।
যার সুবাদে অজিদের বিরুদ্ধে ভারত প্রথম ইনিংসে ১৩১ রানের লিড পায়। এরপর রাহানের দুরন্ত অধিনায়কত্বে দ্বিতীয় ইনিংসে ১৩৩ রান খরচে অস্ট্রেলিয়ার ৬ উইকেট তুলে নিল ভারতীয় দল।
তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অজিরা মাত্র ২ রানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ৬ ব্যাটসম্যান ইতিমধ্য়ে সাজঘরে ফিরেছেন, ফলে ম্যাচের চতুর্থ দিনে অবশিষ্ট চার উইকেটের পুঁজি নিয়ে পেইনের দল কতটা লড়াই দিতে পারে সেটাই এখন দেখার। তৃতীয় দিনে অজি ব্যাটিংয়ে ধস নামিয়ে চালকের আসনে অজিঙ্ক অ্যান্ড কোম্পানি।
প্রথম ইনিংসে পর দ্বিতীয় ইনিংসে ভারতীয় বোলারদের দাপট। উমেশ যাদব অস্ট্রেলিয়ান ওপনার জো বার্নসকে আউট করে কাফ মাসলে চোট পেয়ে সাজঘরে ফিরে যেতে, এক পেসারকে হারিয়ে খেলছে ভারত। এতে যদিও ভারতের ম্যাচে ফিরতে অসুবিধে হয়নি। ভারতের হয়ে ফের অশ্বিন-বুমরাহরা জ্বলে উঠলেন।
তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্মিথের উইকেটটি বুমরাহ তুলে নেন। প্রথম ইনিংসে অশ্বিনের শিকার হয়ে ০ রানে ফেরার পর এদিন বুমরাহের কাছে বোল্ড হয়ে ৮ রানে ফিরলেন স্মিথ। তাঁর ব্যাটে রানের খরা অব্যাহত। অন্যদিকে ওপেনার ম্যাথু ওয়েড ৪০ হাঁকিয়ে ভরসা দিলও রবীন্দ্র জাদেজা তাঁর উইকেট নিয়ে ভারতের হয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরবর্তী সময় মার্নাস লাবুসানের বিরুদ্ধে অশ্বিনকে ব্যবহার করে সফল হন রাহানে। ২৮ রানে আউট লাবুসানে।
পরে টিম পেইন থেকে ট্রাভিস হেড, অজিদের মিডল অর্ডার ভারতীয় বোলিংয়ে সামনে তাসের ঘরের মতো ভেঙে পরে। বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং চমক দিয়ে অধিনায়ক রাহানেও নজর কেড়েছেন। বিশেষ করে টিম পেইনের আউটের ক্ষেত্রে দলগত জোরালো আবেদন না হলেও নিজের উপর ভরসা রেখে রিভিউ নিয়ে সফল রাহানে। ঠান্ডা মাথার রাহানের নেতৃত্ব প্রতিদিনই নজর কাড়ছে। ভারতের হয়ে জাদেজা ২ টি ও অশ্বিন-বুমরাহ-সিরাজ-উমেশ ১টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications