IND vs AUS 5th T20I: শ্রেয়সের অর্ধশতরান, বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার সামনে ১৬১ রানের টার্গেট দিল ভারত
IND vs AUS 5th T20I: রায়পুরে হতাশ করেছিলেন। কিন্তু বেঙ্গালুরুতেই ছন্দে ফিরলেন শ্রেয়স আইয়ার। পঞ্চম টি ২০ আন্তর্জাতিকে তাঁর ব্যাট থেকে এলো দায়িত্বশীল অর্ধশতরান।
টস জিতে ভারতকে ব্য়াট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। নির্ধারিত ২০ ওভারে ভারত তুলেছে ৮ উইকেটে ১৬০ রান।

মেডিক্যাল এমারজেন্সির কারণে বাড়ি ফিরে গিয়েছেন দীপক চাহার। ফলে তাঁর পরিবারের কেউ অসুস্থ বলে মনে করা হচ্ছে। চাহারের জায়গায় খেলছেন অর্শদীপ সিং। এই একটি পরিবর্তনই করা হয়েছে রায়পুরের উইনিং কম্বিনেশনে। পাওয়ারপ্লে-র প্রথম ৬ ওভারে ভারত ২ উইকেটের বিনিময়ে তুলেছিল ৪২ রান। শেষ ৫ ওভারে ৩ উইকেট খুইয়ে তোলে ৫২।
ওপেনিং জুটিতে ৪ ওভারে ওঠে ৩৩। ১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৫ বলে ২১ রান করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সওয়াল। ১২ বলে ১০ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। সূর্যকুমার যাদব ৭ বলে ৫, রিঙ্কু সিং ৬ বলে ৮ রান করে আউট হন। সূর্য এদিনও টি ২০ আন্তর্জাতিকে ২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারেননি। ৯.১ ওভারে ভারতের স্কোর ছিল ৪ উইকেটে ৫৫।
শ্রেয়স ৫টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৩৭ বলে ৫৩ রান করলেন। গত বছর অগাস্টে লডারহিলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সপ্তম টি ২০ অর্ধশতরান করেছিলেন। অষ্টমটি পেলেন আজ। জিতেশ শর্মা ১৬ বলে ২৪ রান করেন। অক্ষর প্যাটেলের সংগ্রহ ২১ বলে ৩১। তিনি ২টি চার ও একটি ছয় মেরেছেন। রবি বিষ্ণোই করেন ২। অর্শদীপ সিং ২ রানে অপরাজিত থাকেন।
জেসন বেহরেনডর্ফ ৪ ওভারে ৩৮ ও বেন ডোয়ারশুইস ৪ ওভারে ৩০ রান খরচ করে ২টি করে উইকেট দখল করেছেন। অ্যারন হার্ডি ৪ ওভারে ২১, নাথান এলিস ৪ ওভারে ৪২ ও তনভীর সাঙ্ঘা ৪ ওভারে ২৬ রান খরচ করে একটি করে উইকেট দখল করেছেন। আগের ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেছিলেন স্পিনাররা। আজও তার পুনরাবৃত্তি হলে ভারতের সিরিজ জয়ের ব্যবধান হবে ৪-১।












Click it and Unblock the Notifications