IND vs AUS 5th T20I: বেঙ্গালুরু ঠিক করবে ভারতের সিরিজ জয়ের ব্যবধান, চিন্নাস্বামীতে ২ দলের একাদশে কি বদল আসছে?
IND vs AUS 5th T20I: রায়পুরে সিরিজ পকেটে পুরে আজই বেঙ্গালুরুতে পা রাখল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। কাল চিন্নাস্বামী স্টেডিয়ামে পঞ্চম টি ২০ আন্তর্জাতিকের ফলাফল ঠিক করবে ভারতের সিরিজ জয়ের ব্যবধান।
তবে শেষ ম্যাচে সম্মান কিছুটা পুনরুদ্ধারের লড়াইয়ে নামার আগে অজিদের আত্মবিশ্বাসী রাখবে এই স্টেডিয়ামের পরিসংখ্যান। টি ২০ আন্তর্জাতিকে ভারতের এখানে পরাজয়ের নজির থাকলেও অজিরা কিন্তু অপরাজেয়।

অস্ট্রেলিয়া বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে কখনও টি ২০ আন্তর্জাতিকে হারেনি। ২০১৯ সালে ভারতকে এখানে অজিরা হারিয়েছিল ৭ উইকেটে। বিরাট কোহলির অপরাজিত ৭২ রানের দৌলতে ভারত তুলেছিল ৪ উইকেটে ১৯০। জবাবে গ্লেন ম্যাক্সওয়েলের ৫৫ বলে অপরাজিত ১১৩ রানের দৌলতে ২ বল বাকি থাকতে জেতে অস্ট্রেলিয়া।
তার আগে ২০১৬ সালের বিশ্বকাপে এখানেই বাংলাদেশকে তিন উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত বেঙ্গালুরুতে টি ২০ আন্তর্জাতিকে অস্ট্রেলিয়া, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে। হারিয়েছে ইংল্যান্ড ও বাংলাদেশকে। ২০১৯ সালে প্রোটিয়াদের কাছে ভারত এখানে হেরেছিল। গত বছর ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা শুরুর পর বৃষ্টি নামায় পরিত্যক্ত হয়।
আকাশ মেঘাচ্ছন্ন থাকার পূর্বাভাস থাকলেও কালকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ১৮ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আইপিএলে এবার চিন্নাস্বামীতে ১৪ বার ১৮০-র উপর রান উঠেছে। সদ্যসমাপ্ত বিশ্বকাপেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে। ফলে কালও ব্যাটারদের স্বর্গরাজ্য অপেক্ষায় চিন্নাস্বামীতে।
ভারত গতকালের ম্যাচে চারটি রদবদল করেছিল একাদশে। অস্ট্রেলিয়া পাঁচটি। শেষ ম্যাচে অক্ষর প্যাটেল বা রবি বিষ্ণোইকে বসিয়ে ভারত দেখে নিতে পারে ওয়াশিংটন সুন্দরকে। টপ অর্ডারে দেখা যেতে পারে তিলক বর্মাকে। তবে জোরে বোলিং বিভাগে রদবদলের সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়াকে একাদশ বেছে নিতে হবে ১৩ জনের মধ্যে থেকে। তনভীর সাঙ্ঘার জায়গায় কেন রিচার্ডসনকে খেলাতে পারে অজিরা।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটকিপার), রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল বা ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, রবি বিষ্ণোই, আবেশ খান, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- জশ ফিলিপ, ট্রাভিস হেড, বেন ম্যাকডারমট, অ্যারন হার্ডি, টিম ডেভিড, ম্যাথু শর্ট, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), বেন ডোয়ারশুইস, ক্রিস গ্রিন, জেসন বেহরেনডর্ফ, তনভীর সাঙ্ঘা বা নাথান এলিস বা কেন রিচার্ডসন।












Click it and Unblock the Notifications