IND vs AUS 2nd T20I: যশস্বী, ঈশান ও ঋতুরাজের অর্ধশতরানে অ্যাডভান্টেজ ভারত, অস্ট্রেলিয়ার টার্গেট ২৩৬
IND vs AUS 2nd T20I: বড় অঘটন না ঘটলে তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পথে ভারত। আজ গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া।
নির্ধারিত ২০ ওভারে সূর্যকুমার যাদবের দল তুলেছে ৪ উইকেটে ২৩৫ রান। ভারতীয় ব্যাটিং লাইন আপের প্রথম তিন ব্যাটারই অর্ধশতরান পেয়েছেন। প্রথম ম্যাচে না খেললেও অস্ট্রেলিয়া দলে আজ রয়েছেন অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েল।

ভারত প্রথম পাওয়ারপ্লে-র ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৭ রান তুলে ফেলে। ৫.৫ ওভারে দলগত ৭৭ রানে আউট হন যশস্বী জয়সওয়াল। তিনি ২৪ বলে কেরিয়ারের দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক অর্ধশতরান পূর্ণ করার পর ২৫ বলে ব্যক্তিগত ৫৩ পানে সাজঘরে ফেরেন। ৯টি চার ও ২টি ছয় মেরেছেন। ভারতের ওপেনিং জুটি ভাঙেন নাথান এলিস।
এরপর রান তোলার গতিতে কিছু সময়ের জন্য রাশ টেনেছিল অজিরা। তবে তাতে ভারতকে দুশো রান পেরোতে তেমন বেগ পেতে হয়নি। ৩.৫ ওভারে ৫০, ৯.৫ ওভারে ১০০, ১৪.১ ওভারে ১৫০ রানের মাইলফলক ছোঁয়ার পর ভারতের ২০০ রান আসে ১৮.৩ ওভারে।
ঈশান কিষাণ প্রথম ম্যাচে ৫৮ রান করেছিলেন। আজও ভালো ফর্ম ধরে রেখে তিনি ২৯ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ভারতের দ্বিতীয় উইকেটটি পড়েছিল ১৫.২ ওভারে ১৬৪ রানে। কিষাণ ৩টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৩২ বলে ৫২ করে মার্কাস স্টইনিসের শিকার। ২টি ছয়ের সাহায্যে ১০ বলে ১৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন সূর্য।
সূর্য আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ১৭.৪ ওভারে ১৮৯। এরপর ঋতুরাজ গায়কোয়াড় ও রিঙ্কু সিংয়ের জুটি ভারতকে দুশো পার করিয়ে দেয়। আজ দলের হয়ে সর্বাধিক রান করলেন ওপেনার ঋতুরাজ। তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ৩৯ বলে। ১৯.২ ওভারের মাথায় ঋতুরাজ এলিসের তৃতীয় শিকার। তিনি তিনটি চার ও ২টি ছয়ের সাহায্যে করেন ৪৩ বলে ৫৮।
এদিনও রিঙ্কু সিং ঝোড়ো ইনিংস খেললেন। চারটি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ৯ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। তিলক বর্মা অপরাজিত থাকেন ২ বলে ৭ রানে। ৪ ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন এলিস। ৩ ওভারে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন মার্কাস স্টইনিস। ম্যাক্সওয়েল ২ ওভারে ৩৮, শন অ্যাবট ৩ ওভারে ৫৬, জাম্পা ৪ ওভারে ৩৩ ও তনভীর সাঙ্ঘা ৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেট পাননি। ভারত শেষ পাঁচ ওভারে ৩ উইকেট খুইয়ে ৭১ রান তুলেছে।












Click it and Unblock the Notifications