IND vs AUS 2nd T20I: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান ভারতের, সেরার তালিকায় কত নম্বরে?
IND vs AUS 2nd T20I: চার উইকেটে ২৩৫। টস হেরে ব্যাট করতে নেমে তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই চমকপ্রদ স্কোরে পৌঁছল ভারত। প্রথম তিন ব্য়াটারের অর্ধশতরানের পাশাপাশি ঝোড়ো ইনিংস উপহার দিলেন রিঙ্কু সিং।
সূর্যকুমার যাদব, তিলক বর্মাও আগ্রাসী মেজাজে থেকে দলকে এই রানে পৌঁছে দিতে ভূমিকা রাখলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে এটিই ভারতের সর্বাধিক স্কোর। টি ২০ আন্তর্জাতিকে সেরার তালিকায় এই ইনিংস থাকছে পঞ্চম স্থানে।

আজ ভারত টি ২০-তে অজিদের বিরুদ্ধে নজির গড়ল, কিন্তু ক্রিকেটপ্রেমীদের তাড়া করছে গত রবিবার অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের যন্ত্রণা। ঠিক সাত দিন আগে বিশ্বকাপ ফাইনালে ভারত ৫০ ওভারে তুলেছিল ২৪০ রান। আজ ২০ ওভারের ম্যাচে প্রায় সেই রানেই পৌঁছে গেল মেন ইন ব্লু। জয়ও আসতে পারে, কিন্তু বিশ্বকাপ না জিততে পারার যন্ত্রণা ঘোচাতে পারবে না পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ জয়। তুলনাতেই আসে না।
যদিও টি ২০ ফরম্যাটে ভারতের এই দাপট দেখে ক্রিকেটপ্রেমীরা টি ২০ বিশ্বকাপে সাফল্যের প্রত্যাশা করতে শুরু করেছেন এখন থেকেই। কেন করবেনই না? আজ শেষ সাত ওভারে ভারত তুলেছে ১১১ রান। ১৬-র কাছাকাছি রান রেট রেখে। ঈশান কিষাণ একটা সময় ব্য়াট করছিলেন ২২ বলে ২৬ রানে, গিয়ার বদলাতেই তাঁর স্কোর পৌঁছয় ৩২ বলে ৫২-তে।
ঋতুরাজ গায়কোয়াড় থিতু হয়ে পরের দিকে হাত খুললেন। রিঙ্কু সিং তো অনবদ্য। ৯ বলে ৩১ রান করে অপরাজিত থেকে বুঝিয়ে দিলেন ফিনিশার হিসেবে তিনি লম্বা রেসেরই ঘোড়া। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব খেললেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। তিলক দুটো বল ফেস করলেন, প্রথম বলেই ছক্কা মারলেন।
টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক স্কোর ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে (৫ উইকেটে ২৬০)। সেই ম্যাচে রোহিত শর্মা ৪৩ বলে ১১৮ করে ম্যাচের সেরা হয়েছিলেন, ভারত ম্যাচটি জিতেছিল ৮৮ রানে। ২০১৬ সালের অগাস্টে লডারহিলে ভারত রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে এক রানে হারে। রাহুলের ৫১ বলে অপরাজিত ১১০ রানের সুবাদে ভারত তোলে ৪ উইকেটে ২৪৪।
২০১৯ সালে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তোলে ৩ উইকেটে ২৪০। ৫৬ বলে ৯১ করে ম্যাচের সেরা হন লোকেশ রাহুল, ভারত জেতে ৬৭ রানে। গত বছরের অক্টোবরে ভারত গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩ উইকেটে ২৩৭ রান তুলেছিল। ম্যাচ জেতে ১৬ রানে। সেই ম্যাচে ২৮ বলে ৫৭ করে ম্যাচের সেরা হন রাহুল। সেই স্কোরের পরই সেরার তালিকায় পাঁচে জায়গা করে নিল ভারতের আজকের স্কোর।












Click it and Unblock the Notifications