IND vs AUS 2nd T20I: প্রসিদ্ধ ও বিষ্ণোইয়ের দাপট, অস্ট্রেলিয়া চূর্ণ, সূর্যকুমারের ভারত পেল টানা দ্বিতীয় জয়
IND vs AUS 2nd T20I: বিশাখাপত্তনমে ভারত জিতেছিল রান তাড়া করে শেষ বলে। তবে আজ তিরুবনন্তপুরমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রানের পাহাড় গড়ে দাপুটে জয় ছিনিয়ে নিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।
ফলে পাঁচ ম্যাচের সিরিজ জিততে হলে এখন অজিদের কাছে সব ম্যাচই হয়ে দাঁড়াল ডু-অর-ডাই। মঙ্গলবার গুয়াহাটিতে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকেই সিরিজ পকেটে পুরে ফেলতে পারে মেন ইন ব্লু।

২০১৮ সালে অকল্যান্ডে অস্ট্রেলিয়ার সামনে নিউজিল্যান্ড দিয়েছিল ২৪৪ রানের টার্গেট। ডি'আর্কি শর্টের ৪৪ বলে ৭৬ রানের সৌজন্যে অজিরা ৭ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু আজ ভারতের দেওয়া ২৩৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ব্যর্থ ২০২১ সালের টি ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে দলগত সর্বাধিক রান করার নিরিখে নিউজিল্যান্ডের পরেই রয়েছে ভারতের ২৩৫ রান। কিউয়িরা নিজেদের দেশে জিততে না পারলেও ভারতকে জয় পেতে তেমন বেগ পেতে হলো না। ৭.২ ওভারে ৫৮ রানে চার উইকেট পড়ে গিয়েছিল অজিদের। সেখানেই ম্যাচের ফলাফল স্পষ্ট হয়ে যায়।
টিম ডেভিড ও মার্কাস স্টইনিস ঝোড়ো ইনিংস খেলে লড়াই চালালেও তা লক্ষ্যে পৌঁছনোর পক্ষে যথেষ্ট ছিল না। দুই ওপেনার স্টিভ স্মিথ ও ম্যাথু শর্ট ব্যক্তিগত ১৯ রান করে সাজঘরে ফেরেন। আগের ম্যাচের শতরানকারী জশ ইনগ্লিস ৪ বলে ২-এর বেশি করতে পারেননি। ৮ বলে ১২ করেন গ্লেন ম্যাক্সওয়েল।
২টি চার ও চারটি ছয়ের সাহায্যে মার্কাস স্টইনিস করেন ২৫ বলে ৪৫। চারটি চার ও ২টি ছয়ের সৌজন্যে ২২ বলে ৩৭ করেন টিম ডেভিড। শন অ্যাবট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা- সকলেই ১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। শেষ অবধি অস্ট্রেলিয়া ৯ উইকেট হারিয়ে ১৯১ রান তোলে।
অধিনায়ক ম্যাথু ওয়েড ১টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৩ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। ৪ বলে ২ রানে অপরাজিত থাকেন তনভীর সাঙ্ঘা। ভারত ম্যাচ জিতলল ৪৪ রানে। প্রসিদ্ধ কৃষ্ণ চার ওভারে ৪১ রান দিয়ে এবং রবি বিষ্ণোই ৪ ওভারে ৩২ রান খরচ করে তিনটি করে উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল ৪ ওভারে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন।
অর্শদীপ সিং ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১ উইকেট। মুকেশ কুমার এদিনও শেষ ওভারটি করলেন। চারটি ডট বল, তৃতীয় বলে ছয় ও শেষ বলে চার মারেন ওয়েড। মুকেশ ৪ ওভারে ৪৩ রান দিয়ে স্টইনিসের উইকেটটি তুলে নেন।
এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত তোলে ৪ উইকেটে ২৩৫। যশস্বী জয়সওয়াল ২৫ বলে ৫৩, ঋতুরাজ গায়কোয়াড় ৪৩ বলে ৫৮ ও ঈশান কিষাণ ৩২ বলে ৫২ রান করে আউট হন। সূর্যকুমার যাদব ১০ বলে ১৯ রান করেন। রিঙ্কু সিং ৯ বলে ৩১ ও তিলক বর্মা ২ বলে ৭ রান করে অপরাজিত থাকেন। নাথান এলিস তিনটি ও মার্কাস স্টইনিস ১টি উইকেট নেন।












Click it and Unblock the Notifications