IND vs AFG: বিরাট কোহলির প্রত্যাবর্তন, ইন্দোরে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠাল ভারত, বাদ কারা?
IND vs AFG: ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে রোহিত শর্মার ভারত। ১৪ মাস পরে ভারতের টি২০ দলে প্রত্যাবর্তন ঘটল বিরাট কোহলির। রোহিতের সঙ্গেই আজ নজর থাকবে তাঁর দিকে।
চলতি সিরিজের প্রথম ম্যাচে মোহালিতে আফগান-বধ সেরেছে মেন ইন ব্লু। আজ হোলকার স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছে ভারত। ভারতীয় দলে দুটি পরিবর্তন হয়েছে।

এটি হাই স্কোরিং হাই গ্রাউন্ড। তার কারণ মাঠ তুলনায় অনেকটাই ছোট। পিচের একদিকের বাউনন্ডারি ৬০ মিটার দূরে, অপর পাশে ৬৩ মিটার, স্ট্রেট বাউন্ডারি ৭০ মিটারের। উইকেট বেশ শক্ত। বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু পরের দিকে শিশির পড়ার সম্ভবনা রয়েছে, ফলে প্রথমে বোলিং করতে চাইবে টস জেতা দল।
রোহিত টস জিতে রান তাড়া করারই সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে রান তাড়া করে জেতার পর চেজিং গ্রাউন্ডে ফের একইভাবে জয় নিশ্চিত করাই লক্ষ্য রোহিতের। ভারত অধিনায়কের কথায়, দলের তরুণ ক্রিকেটাররা নির্ভীক ক্রিকেট খেলতে প্রস্তুত, নিজেদের মেলে ধরতে তৈরি। আজকের ম্যাচে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা যে তাঁদের পরিকল্পনায় রয়েছে তা খোলসা করেন হিটম্যান।
ভারতীয় দলে বিরাট কোহলি যেমন এসেছেন, তেমন কুঁচকির চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে না পারা যশস্বী জয়সওয়াল আজ ফিট হয়ে খেলছেন। কোপ পড়েছে শুভমান গিল ও তিলক বর্মার উপর। টস জিতলে তিনিও ফিল্ডিং নিতেন বলে জানিয়েছেন ইব্রাহিম জাদরান। সিরিজে সমতা ফেরাতে তিনি পজিটিভ ক্রিকেটই খেলতে চান বলে জানালেন। রহমত শাহের জায়গায় নূর আহমেদকে নিয়েছে আফগানিস্তান।
ইন্দোরে শেষ শেষ টি২০ আন্তর্জাতিকে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত ৪৯ রানে হারলেও সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৪০৫ রান উঠেছিল। আজও বড় রান ওঠার সম্ভাবনা রয়েছে। তহবে ভারত চাইবে আফগানিস্তানকে কম রানেই বেঁধে ফেলতে। আজ বিরাট কোহলি ৩৫ রান করলে প্রথম ভারতীয় তথা বিশ্বে চতুর্থ ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে ১২ হাজার রানের মাইলস্টোন ছোঁবেন।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার।
আফগানিস্তান- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই,মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলাবদিন নঈব, নূর আহমেদ, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications