IND vs AFG: টি২০ আন্তর্জাতিকে প্রথমবার গোল্ডেন ডাক সঙ্গী বিরাটের, মুহূর্তে স্তব্ধ চিন্নাস্বামীর গর্জন
IND vs AFG: রোহিত শর্মা আফগানিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজে প্রথম রান পেলেন আজ। প্রথম দুটি ম্যাচে শূন্য করার পর। যদিও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ডে বিরাট কোহলি আজ হতাশ করলেন ভক্তদের।
এই প্রথম টি২০ আন্তর্জাতিকে বিরাট ফিরলেন গোল্ডেন ডাক সঙ্গী করে। এই নিয়ে পঞ্চমবার টি২০ আন্তর্জাতিকে কোহলি আউট হলেন খাতা না খুলেই।

বিরাট কোহলি টি২০ আন্তর্জাতিকে প্রথমবার শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৭ সালের ১০ অক্টোবর গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (২ বলে ০)। ২০১৮ সালের ২৭ জুন মালাহাইডে আয়ারল্যান্ডের বিরুদ্ধেও কোহলি ২ বলে ০ রানে সাজঘরে ফিরেছিলেন। ২০২১ সালের ১২ মার্চ আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলি ৫ বলে ০ রানে আউট হন।
২০২২ সালের ৬ সেপ্টেম্বর দুবাইয়ে বিরাট শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ বল খেলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরেছিলেন। আজ তৃতীয় ওভারের তৃতীয় বলে ফরিদ আহমেদ প্রথমে আউট করেন যশস্বী জয়সওয়ালকে। তিনি ৬ বলে ৪ রান করেন। পরিস্থিতি যা তাতে বিরাট কোহলি বেঙ্গালুরুর এই স্টেডিয়ামে সম্ভবত শেষবার টি২০ আন্তর্জাতিক খেলছেন ভারতের হয়ে।
আজ ৬ রান করলেই প্রথম ভারতীয় তথা বিশ্বের চতুর্থ ব্যাটার হিসেবে তিনি ১২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে পারতেন। চলতি সিরিজের প্রথম ম্যাচ খেলেননি। আগের ম্যাচে ইতিবাচক ব্যাটিং করে ছন্দে থাকার ইঙ্গিত দিলেও বড় রান পাননি। ফলে আজ চেনা মাঠে, চেনা পরিবেশে বিরাটের ব্যাট জ্বলে উঠবে এই প্রত্যাশা সকলেরই ছিল।
তাই তো যশস্বী যখন আউট হয়ে সাজঘরে ফিরছেন, তখন বিরাটকে অভিবাদন জানাতে কিং কোহলির জন্য চেনা গর্জন শোনা যাচ্ছিল চিন্নাস্বামীতে। কিন্তু তা যে এতটা ক্ষণস্থায়ী হবে কে ভেবেছিল! বিরাট ফরিদের ডেলিভারিতে পুল শট খেলতে গিয়েছিলেন। কিন্তু যেভাবে চেয়েছিলেন বল সেভাবে ব্যাটে লাগেনি। ফলে সহজ ক্যাচ চলে যায় মিড অফে।
বিরাটের ক্যাচ আফগান অধিনায়ক ইব্রাহিম জাদরান তালুবন্দি করতেই মুহূর্তে স্তব্ধ হয়ে যায় চিন্নাস্বামীর গর্জন। ১৮ রানেই ভারতের দুটি উইকেট পড়ে যায়। এই দুটি উইকেট হারানোর পর স্কোরবোর্ডে আর চার রান যোগ হওয়ার ফাঁকে আরও ২টি উইকেট হারায় ভারত। আউট হন শিবম দুবে ও সঞ্জু স্যামসন।
শিবম দুবে চলতি সিরিজে ভালো ফর্মে থাকলেও আজ হতাশ করলেন। তিনি ৬ বলে ১ রান করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের শিকার। ৪ ওভারে ২১ রানে পড়ে ভারতের তৃতীয় উইকেট। পঞ্চম ওভারের তৃতীয় বলে ২২ রানে ভারতের চতুর্থ উইকেটের পতন ঘটে। জিতেশ শর্মা আগের ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন।
আজ জিতেশের জায়গায় উইকেটকিপার-ব্যাটার হিসেবে নেওয়া হয় সঞ্জু স্যামসনকে। তাঁকে খেলানোর কথা রোহিত টসের সময় জানাতেই দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু সঞ্জুও আজ চূড়ান্ত ব্যর্থ। বিরাটের মতো তাঁরও সঙ্গী গোল্ডেন ডাক। ফরিদ আহমেদের প্রথম বল খেলতে গিয়েই মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে ফেরেন সঞ্জু। দলের চাপ কাটানোর চেষ্টা চালাচ্ছেন রোহিত শর্মা ও রিঙ্কু সিং।












Click it and Unblock the Notifications