IND vs AFG: বেঙ্গালুরুতে শেষবার টি২০ আন্তর্জাতিকে বিরাট? প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজিরের দোরগোড়ায় কোহলি
IND vs AFG: টি২০ বিশ্বকাপের আগে কালই শেষ টি২০ আন্তর্জাতিকটি খেলবে ভারত। ইতিমধ্যেই আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মার দল ২-০ ব্যবধানে এগিয়ে। কাল জিতলে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত হবে।
ভারত-আফগানিস্তান তৃতীয় টি২০ আন্তর্জাতিকটি হবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, যা আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হোম গ্রাউন্ড। ফলে স্বভাবতই নজর থাকবে বিরাট কোহলির দিকে।

২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর ১৪ মাস বিরাট কোহলি, রোহিত শর্মারা টি২০ আন্তর্জাতিক খেলেননি। তবে টি২০ বিশ্বকাপ খেলার লক্ষ্য নিয়ে তাঁরা কামব্যাক করেছেন চলতি সিরিজেই। রোহিত দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন। বিরাট ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচটি খেলেননি। তবে দ্বিতীয় ম্যাচে চেনা মেজাজেই দেখা গিয়েছে তাঁকে।
কালকের ম্যাচে আর ৬ রান করলেই প্রথম ভারতীয় হিসেবে অনন্য নজির গড়ে ফেলবেন কিং কোহলি। টি২০ ক্রিকেটে বিশ্বের চতুর্থ হিসেবে তিনি ১২ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করার মাধ্যমে। আপাতত ৩৭৫টি টি২০ ম্যাচে ১১,৯৯৪ রান রয়েছে কোহলির। ক্রিস গেইল (১৪৫৬২), শোয়েব মালিক (১২৯৯৩) ও কায়রন পোলার্ড (১২৪৩০) ইতিমধ্যেই এই নজির গড়েছেন।
বিরাট আইপিএলের পর টি২০ বিশ্বকাপ খেলবেন। সেক্ষেত্রে গেইলের নজির এবার তাঁর পক্ষে সম্ভব না হলেও টি২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার দ্বিতীয় স্থানে তিনি চলে আসতেই পারেন। টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় ইতিমধ্যেই বিরাট রয়েছেন শীর্ষস্থানে।
আইপিএলে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেন। ফলে চিন্নাস্বামী তাঁর কাছে কার্যত হোম গ্রাউন্ড। কাল যে চিন্নাস্বামীতে বিরাটের ব্যাট থেকে ভক্তরা বড় রান প্রত্যাশা করছেন তা বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে জল্পনা চলছে, কালই বিরাট শেষবার দেশের হয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে টি২০ আন্তর্জাতিক খেলতে নামবেন কিনা।
মনে করা হচ্ছে, টি২০ বিশ্বকাপের পর বিরাট আর আন্তর্জাতিক ক্রিকেটের ছোট ফরম্যাটে আর খেলবেন না। টি২০ বিশ্বকাপের আসর বসছে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে দেশের মাটিতে বিরাট, রোহিত শর্মারা সম্ভবত শেষবার টি২০ আন্তর্জাতিক খেলতে নামবেন।
চিন্নাস্বামীতে ভারত সাতটি টি২০ আন্তর্জাতিক খেলেছে। জিতেছে তিনটিতে, হার তিনটিতে, একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। গত মাসে অস্ট্রেলিয়াকে এখানে ৬ রানে হারিয়েছিল ভারত। ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার কাছে এখানে ৯ উইকেটে পরাস্ত হয়েছিল ভারত। তারপর আর হারতে হয়নি কখনও।
চিন্নাস্বামীতে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রান করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ২ ম্যাচে ১টি শতরান-সহ অজি তারকার রয়েছে ১৩৯ রান। বিরাট কোহলি ৫ ম্যাচে করেছেন ১১৬, ১টি অর্ধশতরান রয়েছে। সর্বাধিক স্কোর অপরাজিত ৭২। ফলে বেঙ্গালুরুতে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি রানের মালিক হওয়ার হাতছানিও রয়েছে বিরাটের সামনে।












Click it and Unblock the Notifications