IND vs AFG: সঞ্জুর প্রত্যাবর্তন, ব্রাত্যই থাকলেন রাহুল, রোহিত-বিরাট ভারতের টি২০ দলে আসায় কোপ পড়ল কাদের উপর?
IND vs AFG: আফগানিস্তানের বিরুদ্ধে এই প্রথম দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলবে ভারত। তিন ম্যাচের সেই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। দলে ফিরলেন বিরাট কোহলিও।
ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকা ফেরায় ভারতের একাদশে বড় ধরনের রদবদলই হবে। কেন না, রোহিত ও বিরাট ২০২২ সালের নভেম্বরে টি২০ বিশ্বকাপের পর থেকে আর টি২০ আন্তর্জাতিক খেলেননি।

আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দলে নেই শ্রেয়স আইয়ার। বিরাট কোহলি দলে ফেরায় শ্রেয়সের একাদশে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। সেটাও যেমন একটি কারণ, তেমনই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের দলে শ্রেয়স খেলবেন। তারপর আইপিএলে নেতৃত্ব দেবেন কলকাতা নাইট রাইডার্সকে।
ফলে শ্রেয়সের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের যুক্তিতে তাঁকে সাদা বলের সিরিজে বিশ্রামের তত্ত্বও দিতে পারেন নির্বাচকরা। আবার বিশ্বকাপের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজে খেলেছিলেন ঈশান কিষাণ। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি সরে দাঁড়ান। বিসিসিআই তাঁর ব্যক্তিগত কারণের কথা জানালেও, মানসিক ক্লান্তি কাটাতেই তাঁর এই সিদ্ধান্ত বলে শোনা যাচ্ছে।
ঈশান কিষাণকে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজের দলে রাখা হয়নি। উইকেটকিপার হিসেবে জিতেশ শর্মাই এগিয়ে থাকবেন। তাঁর সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে সঞ্জু স্যামসনকে। সঞ্জুকে বিভিন্ন আইসিসি ইভেন্টে বাদ পড়তে হয়েছে। ফলে সরব হন তাঁর অনুগামীরা। দক্ষিণ আফ্রিকায় তৃতীয় ওডিআইয়ে সঞ্জু ভারতকে জেতাতে অবদান রাখেন ১০৮ রানের ইনিংস খেলে।
জিতেশের সঙ্গেই রাজস্থান রয়্যালসের অধিনায়ক তথা উইকেটকিপার সঞ্জুকে রাখা হয়েছে আফগানিস্তান সিরিজে। তিনি প্রথম একাদশে থাকবেন কিনা সেটা বলবে সময়। লোকেশ রাহুলকে ভারতের টি২০ দলে রাখা হয়নি। রাহুল দলে নিজের জায়গা ধরে রাখতে উইকেটকিপিংও করছেন। ফলে কিপার হিসেবে কোন দুজন টি২০ বিশ্বকাপে যাবেন সেই দৌড় উপভোগ্য হতে চলেছে।
সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋতুরাজ গায়কোয়াড়ের কথা ফিটনেসজনিত কারণেই ধর্তব্যে রাখেননি নির্বাচকরা। তবে সূর্য ও হার্দিক টি২০ বিশ্বকাপে খেলবেনই। রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজদের টেস্ট সিরিজের আগে বিশ্রাম দেওয়া হলো বলে বোর্ডসূত্রে খবর। যুজবেন্দ্র চাহালের টি২০ কেরিয়ার নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি করে দিল আফগনিস্তান সিরিজের দল নির্বাচন। স্পিন বোলারদের যাঁদের ব্যাটের হাতও ভালো, তাঁদেরই খেলাতে চাইছেন নির্বাচকরা।
১১ জানুয়ারি থেকে মোহালিতে ভারত-আফগানিস্তান টি২০ সিরিজ শুরু। পরের ম্য়াচগুলি জানুয়ারির ১৪ ও ১৭ তারিখ।












Click it and Unblock the Notifications