IND vs AFG: রোহিতের সুপার ওভারে ব্যাটিং নিয়ে জোর বিতর্ক, ইন্ধন দিল দ্রাবিড়ের বক্তব্য! আইসিসির নিয়ম কী বলছে?
IND vs AFG: রোহিত শর্মার সুপার ওভারের ব্যাটিং নিয়ে তুঙ্গে চর্চা। দুটি সুপার ওভারেই তিনি ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু প্রথম সুপার ওভারে রোহিত যা করেন, তাতে তিনি দ্বিতীয় সুপার ওভারে কীভাবে খেলতে নামলেন তা নিয়েই উঠছে প্রশ্ন।
হেড কোচ রাহুল দ্রাবিড় যে যুক্তি মেলে ধরেছেন, তাতে ভারতের নিয়ম ভাঙার বিষয়টিই জোরালো হচ্ছে। এখনও এ বিষয়ে ম্যাচ অফিসিয়াল বা আইসিসির তরফে কিছুই জানানো হয়নি।

রোহিত শর্মা যদি রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তেন তাহলে তা বিবেচিত হতো রিটায়ার্ড নট আউট হিসেবে। প্রথম সুপার ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৭। রোহিত তৃতীয় ও চতুর্থ বলে দুটি ছয় মারেন, পঞ্চম বলে ১ রান নেন। শেষ বলে দরকার ছিল ২। সেই সময়ই কৌশলগত কারণে রোহিত বেরিয়ে যান।
যশস্বী জয়সওয়াল শেষ বলটি খেলেন। রোহিত বেরিয়ে যেতেই মাঠে নামেন রিঙ্কু সিং। মনে করা হচ্ছে, দ্রুত দৌড়ানোর কথা ভেবেই রিঙ্কুকে নামানো হয়েছিল। যদিও শেষ বলে এক রানই হয়। ফলে ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে। প্রথম সুপার ওভারে ভারত পরে ব্যাট করেছিল। ফলে দ্বিতীয় সুপার ওভারে ভারত প্রথমে ব্যাট করতে নামে।
সেই সময় দেখা যায় রোহিত শর্মা ব্যাট করতে নামছেন রিঙ্কু সিংকে নিয়ে। প্রথম দুটি বলে রোহিত যথাক্রমে ছয় ও চার মারেন। ভারত তোলে ২ উইকেটে ১১। এরপর রবি বিষ্ণোই তাঁর প্রথম দুটি বলে আফগানিস্তানের দুটি উইকেট তুলে নেন। কিন্তু দ্বিতীয় সুপার ওভারে রোহিত ব্য়াট করতে নামার সময়ই বিতর্ক শুরু হয়। উঠতে থাকে নানা প্রশ্ন।
ম্যাচের শেষে রাহুল দ্রাবিড় বলেছেন, ২০২২ সালে আইপিএলে রবিচন্দ্রন অশ্বিন যেভাবে রিটায়ার্ড আউট হয়েছিলেন, প্রথম সুপার ওভারে ভারতীয় ইনিংসের ষষ্ঠ বলের আগে মাঠ ছাড়া তেমনই একটি কৌশল। দ্রাবিড়ের এই কথা সত্যি হলে কিন্তু ভারতের অস্বস্তিই বাড়বে। কেন না, আইসিসির নিয়ম অনুযায়ী এ ক্ষেত্রে রোহিত নামতে পারেন না।
আইসিসির নিয়মে বলছে, যদি কোনও ব্যাটার প্রথম সুপার ওভারে আউট হন তাহলে তিনি পরের সুপার ওভারে নামতে পারেন না। রোহিত রিটায়ার্ড হার্ট হলে নামার ক্ষেত্রে সমস্যা ছিল না। কিন্তু রোহিত রিটায়ার্ড আউট হলে, সেটি আউট বলেই বিবেচিত হওয়া উচিত, এমনটাই মত বিশেষজ্ঞদের। এই নিয়ে ধোঁয়াশা স্পষ্ট করতে পারে আইসিসির বিবৃতি।
এই বিষয়টি নিয়ে আফগানিস্তান শিবির ওয়াকিবহাল ছিল না বলে দাবি কোচ জনাথন ট্রটের। তিনি বলেছেন, আমাদের কিছু জানানো হয়নি। তাছাড়া এমন পরিস্থিতি প্রথমবার পড়ায় বিষয়টি সম্পর্কে আমাদের কোনও ধারণাই ছিল না। তবে নিয়ম অনুযায়ী কী করণীয় তা সময়মতো দলগুলিকে জানানো যে উচিত তা স্পষ্ট করে দিয়েছেন ট্রট।
আফগানদের হেড কোচ জানান প্রথম সুপার ওভারে বল করা আজমাতুল্লাহ ওমরজাইকে দিয়েই বোলিং করানোর পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু প্রথম সুপার ওভারে বল করা বোলার দ্বিতীয় সুপার ওভার করতে পারবে না বলে উল্লেখ রয়েছে আইসিসির নিয়মে। সে কারণে ফরিদ আহমেদকে দিয়ে বোলিং করানো হয়। তবে এই সমস্ত বিষয় লিখিত আকারে যথোপযুক্ত সময়ে দলগুলিকে জানানোর প্রয়োজনীয়তা মনে করিয়েছেন ট্রট। দলের খেলায় খুশি। ফলে এই বিতর্কের জল বেশি দূর গড়াক তা চাইছে না আফগানিস্তান শিবির।












Click it and Unblock the Notifications