IND vs AFG: রোহিত শর্মা কি টি২০ আন্তর্জাতিকে ভারতীয় দলের বোঝা? বিশ্বকাপের দলে ঠাঁই পাওয়া নিয়ে চর্চা তুঙ্গে
IND vs AFG: রোহিত শর্মা। হিটম্যানের টি২০ আন্তর্জাতিকে খারাপ ফর্ম দেখে তাঁকে অনেকেই কটাক্ষ করছেন ডাকমেশিন বলে! ১৪ মাস পর টি২০ আন্তর্জাতিকে কামব্যাক করার পর রোহিত দুটি ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরেছেন।
রোহিত শর্মা দলে আসায় শুভমান গিলকে বাইরে থাকতে হচ্ছে। যশস্বী জয়সওয়াল আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকে যে ইনিংস খেলেছেন, তাতে টি২০ বিশ্বকাপের দলে তিনি থাকছেনই।

রোহিত শর্মার ব্যাটিং দক্ষতা প্রশ্নাতীত। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রোহিতের টি২০ ফর্মের গ্রাফ নিম্নগামী। ২০২২ সালের টি২০ বিশ্বকাপ থেকে ভারত ছিটকে যাওয়ার পর ২০২৩ সাল অবধি কোনও টি২০ আন্তর্জাতিকে খেলেননি রোহিত শর্মা, বিরাট কোহলি। বিরাট আগের ম্যাচে ছন্দে থাকার ইঙ্গিত দিলেও চিন্তা বাড়ছে রোহিতকে নিয়ে।
রোহিত, বিরাটের মতো টি২০ বিশ্বকাপে খেলানোর বাহ্যিক চাপও রয়েছে। আয়োজক থেকে সম্প্রচারকারী সংস্থাও চাইছে তাঁদের। কিন্তু রোহিত টি২০ আন্তর্জাতিকে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাতে তাঁকে রাখা হলে কোনও ফর্মে থাকা তরুণ ক্রিকেটারকে ব্রাত্য থাকতে হবে। দলের স্বার্থে তা কতটা সঠিক হবে তা নিয়ে চলছে চর্চা।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিকে রোহিতের দুটি শতরান থাকলেও টি২০ আন্তর্জাতিকে খুবই খারাপ অবস্থা। ৩ ম্যাচে সাকুল্যে ২৯ রান করেছেন। সর্বাধিক স্কোর ১৮, গড় ৯.৬৬, স্ট্রাইক রেট ১১১.৫৩। চলতি সিরিজে দু-বার খালি হাতে ফেরা রোহিতের পক্ষে এই পরিসংখ্যান দুশ্চিন্তার তো বটেই।
২০২২ সালে রোহিত ২৯টি টি২০ আন্তর্জাতিকে ৬৫৬ রান করেছিলেন। গড় ২৪.২৯, স্ট্রাইক রেট ১৩৪.৪২। তিনটি অর্ধশতরান করেছিলেন, তিনবার আউট হন শূন্য রানে। ২০২২-২৩ মরশুম ধরলে ৯ ম্যাচে তাঁর রান ১৫৯, সর্বাধিক ৫৩। গড় ১৭.৬৬, স্ট্রাইক রেট ১০৬। শেষ দুটি ম্যাচে শূন্য করায় রোহিতের শেষ ১০টি টি২০ আন্তর্জাতিক ব্যাটিং গড় আরও খারাপ জায়গায় চলে গিয়েছে।
২০২২ সালের টি২০ বিশ্বকাপে সিডনিতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৫৩ রান করেছিলেন রোহিত। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫, বাংলাদেশের বিরুদ্ধে ২, জিম্বাবোয়ে ম্যাচে ১৫ ও ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ২৭ রান করে আউট হন। সেবারের টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন ৪।
রোহিত শর্মা নিজে খেলতে চাইছেন টি২০ বিশ্বকাপে। কিন্তু তিনি যে খারাপ ফর্মে রয়েছেন তাতে তিনি টি২০ আন্তর্জাতিক দলে থাকার যোগ্য কিনা সেই প্রশ্ন উঠছে। রোহিত, বিরাটকে জায়গা করে দিতে শুভমান গিল, তিলক বর্মা বাইরে। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়ারা দলে ফিরলে একাদশ চূড়ান্ত করা আরও কঠিন হবে।
কেন না, অলরাউন্ডার শিবম দুবে ব্যাটে-বলে হার্দিকের বিকল্প হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছেন। এই পরিস্থিতিতে ফর্মে থাকা প্লেয়ারকে বাইরে রেখে আউট অব ফর্ম রোহিতকে রাখা হলে এবং বিশ্বকাপে ভারত ব্যর্থ হলে সমালোচনার ঝড় উঠবেই। এই আবহে বেঙ্গালুরুতে রোহিত নিশ্চিতভাবেই চাইবেন রানে ফিরতে। এরপর ভরসা হবে আইপিএল। যদিও গত বছরের আইপিএলেও রোহিত আহামরি ফর্মে ছিলেন না। ১৬ ম্যাচে ৩৩২ রান করেন, গড় ছিল ২০.৭৫, স্ট্রাইক রেট ১৩২.৮০। ২টি হাফ সেঞ্চুরি করেছিলেন।












Click it and Unblock the Notifications