IND vs AFG: রোহিত-বিরাটদের অনুশীলনে হাজির পন্থ, ঋষভ কি খেলতে পারবেন আইপিএলে? মিলল বড় ইঙ্গিত
IND vs AFG: কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। কালকের ম্যাচ জিতলে সিরিজ হোয়াইটওয়াশ সুনিশ্চিত করে ফেলবেন রোহিত শর্মারা।
ভারতীয় দলের অনুশীলন চলাকালীন হঠাৎই হাজির হলেন ঋষভ পন্থ। তিনি বেশ ফুরফুরে মেজাজে থাকলেও পন্থের চালচলন দেখে উদ্বেগ বাড়তেই পারে ভক্তদের।

বিশ্বকাপ চলাকালীন কলকাতায় দিল্লি ক্যাপিটালসের শিবির বসেছিল। সেখানেও হাজির ছিলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় তখন বলেছিলেন, পন্থই এবারের আইপিএলে দলকে নেতৃত্ব দেবেন। আইপিএল নিলামের আসরেও হাজির ছিলেন ঋষভ।
২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। ২০২৩ সালে তিনি আইপিএল, কিংবা দেশের হয়েও নামতে পারেননি। ভারতীয় দলে কবে প্রত্যাবর্তন করবেন তা নিয়েও জল্পনা রয়েছে। পন্থের ফিটনেস দেখে অনেকেই মনে করছেন, আইপিএলে খেলাও তাঁর পক্ষে সম্ভব হবে না।
আজ ভারতীয় দলের অনুশীলন চলাকালীন তিনি কিছুটা সময় সতীর্থদের সঙ্গে কাটিয়ে গেলেন। পরনে ছিল কালো টি-শার্ট ও শর্টস। বিরাট কোহলি, রিঙ্কু সিংদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে থাকতে দেখা গেল। বিরাটের সঙ্গে প্রথমে কথা বলেন পন্থ। পরে রিঙ্কু সিং, শিবম দুবের সঙ্গেও কথা বলেন। রিঙ্কু পন্থের হাতে একটি ব্যাট তুলে দেন।
ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার সঙ্গেও আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে পন্থকে। একটি ব্যাট নিয়ে কিছুক্ষণ শ্যাডো প্র্যাকটিস করতেও দেখা গিয়েছে পন্থকে। তবে এদিন পন্থকে যাঁরা দেখেছেন, তাঁরা নির্দ্বিধায় জানিয়েছেন, হাঁটা-চলার ক্ষেত্রে এখনও ১০০ শতাংশ স্বাভাবিক হননি ভারতীয় দলের নির্ভরযোগ্য উইকেটকিপার-ব্যাটার।
মার্চে শুরু আইপিএল। তার আগে পন্থ আদৌ ম্যাচ-ফিট হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ৫০ ওভারের বিশ্বকাপ মিস করেছেন গত বছর। চলতি বছরের টি২০ বিশ্বকাপেও পন্থের খেলা হবে না। কবে ভারতীয় দলে প্রত্যাবর্তন করবেন সেটাও সুনিশ্চিত নয়।
তবে তিনি যে মাঠে ফিরতে মরিয়া, সেই ইঙ্গিত বারেবারেই দিচ্ছেন। এখন পন্থের রিহ্যাব চলছে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। গাড়ি দুর্ঘটনায় পন্থের ডান হাঁটুর গুরুত্বপূর্ণ তিনটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। এ জন্য তিনটি রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের ট্রেনিংয়ের ভিডিও শেয়ার করেন। আজ সময় কাটালেন ভারতীয় দলের অনুশীলনে।
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও পন্থ উইকেটকিপিং করবেন কিনা তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নেমে তিনি শুধু ব্যাটিংও করতে পারেন। সবটাই নির্ভর করবে রিহ্যাবের পর কতটা ফিট হন পন্থ। গাড়ি দুর্ঘটনায় বরাতজোরে প্রাণে বাঁচলেও ক্রিকেট কেরিয়ারে যে তাঁকে অনেক কিছুই এই কয়েক মাসে হারাতে হলো সেটা বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications