IND vs AFG: আফগানিস্তান ভারতে আসছে শক্তিশালী স্পিন আক্রমণ নিয়ে! নেতৃত্বে জাদরান, দলে কোন চমক?
IND vs AFG: এই প্রথম ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক টি২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে আফগানিস্তান। ১১ জানুয়ারি থেকে শুরু তিন ম্য়াচের সিরিজ। যা টি২০ বিশ্বকাপের আগে দুই দলেরই শেষ টি২০ সিরিজ।
নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কড়া অবস্থান ঘোষণার পরই আলোচনা সেরে ফজলহক ফারুকি ও নবীন উল হক সংযুক্ত আরব আমিরশাহীতে টি২০ সিরিজ খেলেছিলেন। এবার দলে ফিরলেন মুজিব উর রহমান।

ভারতের বিরুদ্ধে স্পিন শক্তি জোরদার করেই আসছে আফগানিস্তান। মুজিব, নবীন ও ফারুকি দেশের হয়ে কম খেলে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার দিকে ঝোঁকায় কড়া বার্তা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পরে নবীন ও ফারুকি পিছু হঠেন। মুজিব বিগ ব্যাশে খেলছিলেন। কিন্তু তাঁর এনওসি প্রত্যাহৃত হতেই, বিগ ব্যাশে আর খেলা চালিয়ে যেতে পারেননি মুজিব।
ওই তিন ক্রিকেটারই সেন্ট্রাল কনট্রাক্টে সই করেননি। ফলে গত মাসেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, আগামী ২ বছর তাঁদের এনওসি-ই দেওয়া হবে না। বর্তমান এনওসিও প্রত্যাহার করা হবে। এরপর ফারুকি ও নবীন বোর্ডকে জানান, তাঁরা দেশের হয়ে খেলতে বদ্ধপরিকর। এই দুই ক্রিকেটার ইউএইতেও খেলেছেন। মুজিবও সেই পথে হাঁটলেন বলে জল্পনা।
গত জুলাইয়ের পর এই প্রথম দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলবেন মুজিব। তাঁর পাশাপাশি স্পিনার রশিদ খান, কাইস আহমেদ ও নূর আহমেদকে দলে রাখা হয়েছে। রশিদের পিঠে অস্ত্রোপচার হয়েছিল। বিগ ব্যাশে খেলতে পারেননি, ইউএই সিরিজেও ছিলেন না। ভারত সফরের দলে থাকলেও রশিদের খেলার সম্ভাবনা ক্ষীণ।
১৯ সদস্যের দল নিয়ে ভারতে আসছে আফগানিস্তান। টি২০ বিশ্বকাপের দল গঠনের ক্ষেত্রে আফগানদের কাছে এই সিরিজটি গুরুত্বপূর্ণ। ইব্রাহিম জাদরানকে অধিনায়ক করা হয়েছে। তাঁর নেতৃত্বেই সংযুক্ত আরব আমিরশাহীতে ২-১ ব্যবধানে সিরিজ জেতে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজের বিকল্প উইকেটকিপার হিসেবে দলে আছেন ইকরাম আলিখিল।
সংযুক্ত আরব আমিরশাহী সিরিজের দল থেকে বাদ পড়েছেন মহম্মদ ইশাক, সেদিকুল্লাহ অটল ও দারউইশ রসুলি। ২০২২ সালের পর টি২০ না খেলা রহমত শাহ (টি২০ আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়) দলে জায়গা ধরে রেখেছেন। ইউএই-তে রিজার্ভে থাকা গুলাবদিন নঈব ও আলিখিল মূল দলে জায়গা করে নিয়েছেন। ১১ জানুয়ারি মোহালিতে প্রথম ম্য়াচ। এরপর জানুয়ারির ১৪ ও ১৭ তারিখ খেলা রয়েছে যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে।
আফগানিস্তান দল- ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), হজরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবি, করিম জানাত, আজমাতুল্লাহ ওমরজাই, শরাফুদ্দিন আশরফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ, নবীন উল হক, নূর আহমেদ, মহম্মদ সালিম, কাইস আহমেদ, গুলাবদিন নঈব, রশিদ খান।












Click it and Unblock the Notifications