IND vs AFG: রোহিতের ভারত আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয় চাইছে ইন্দোরে, বিরাটের প্রত্যাবর্তনে কেমন হবে একাদশ?
IND vs AFG: মোহালিতে আফগানিস্তানকে প্রথম টি২০ আন্তর্জাতিকে উড়িয়ে দেওয়ার পর কাল ইন্দোরে সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্য নিয়ে নামছে রোহিত শর্মার ভারত। এই ম্যাচেই টি২০ আন্তর্জাতিকে প্রত্যাবর্তন হচ্ছে বিরাট কোহলির।
বিরাট শেষবার দেশের হয়ে টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০২২ সালের টি২০ বিশ্বকাপে। রোহিতও ১৪ মাস পর টি২০ আন্তর্জাতিকে ফিরেছেন মোহালি ম্যাচে। বিরাট ব্যক্তিগত কারণে ওই ম্যাচে খেলেননি, তবে আজ চুটিয়ে অনুশীলন সেরেছেন।

টি২০ বিশ্বকাপের আগে ভারতের হাতে রয়েছে মাত্র ২টি টি২০ আন্তর্জাতিক। যার একটি হবে হোলকার স্টেডিয়ামে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ। আইপিএলের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ হবে ভারতের টি২০ বিশ্বকাপের দল গঠনে। প্রত্যাবর্তনের ম্যাচে রোহিত শর্মা শূন্য রানে রান আউট হয়েছিলেন। তিনিও চাইবেন বড় রান পেতে।
বিরাট কোহলি টি২০ ফরম্যাটে স্পিনের বিরুদ্ধে হাত খুলে খেলতে পারছেন না। আইপিএলে তিনি ওপেন করেন। তবে ভারতীয় দলে তিনেই ব্যাট করার সম্ভাবনা। রশিদ খান না থাকলেও বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা মুজিব উর রহমান-সহ কয়েকজন ভালো মানের স্পিনার রয়েছেন আফগানিস্তান দলে। তাঁদের বিরুদ্ধে বিরাট কেমন খেলেন, সেদিকে তাকিয়ে নির্বাচকরাও।
বিগত পাঁচটি মরশুমে যাঁরা অন্তত আইপিএলে ৫০টি ইনিংস খেলেছেন তাঁদের মধ্যে স্পিনারদের বিরুদ্ধে সবচেয়ে কম স্ট্রাইক রেটের নিরিখে বিরাট রয়েছেন দুইয়ে। তিনি এই দুর্বলতা কাটাতে কোন হোমওয়ার্ক করেছেন তা নিয়ে যেমন জল্পনা রয়েছে, তেমনই রোহিত শর্মা পাওয়ারপ্লে-তে কতটা ঝড় তোলেন সেটাও দেখার।
আগের ম্যাচে যশস্বী জয়সওয়াল কুঁচকির চোটের কারণে খেলতে পারেননি। জয়সওয়াল ফিট হলে কোপ পড়তে পারে শুভমান গিলের উপর। রবি বিষ্ণোই ৩ ওভারে ৩৫ রান দিয়েছিলেন। তাঁর জায়গায় খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। আবেশ খানকেও কালকের ম্যাচে দেখে নিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোনও পেসার বা স্পিনারকে বাইরে রাখা হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল বা শুভমান গিল, বিরাট কোহলি, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব বা রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, মুকেশ কুমার বা আবেশ খান।
হজরতুল্লাহ জাজাই ফিট থাকলে আফগানিস্তান তাঁকে রহমত শাহের জায়গায় খেলাতে পারে। আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতুল্লাহ জাজাই বা রহমত শাহ, ইব্রাহিম জাদরান (অধিনায়ক), আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, গুলাবদিন নঈব, মুজিব উর রহমান, নবীন উল হক, ফজলহক ফারুকি।












Click it and Unblock the Notifications