IND vs AFG: আন্তর্জাতিক ম্যাচে জোড়া সুপার ওভারে ফয়সালা কি বেঙ্গালুরুতেই প্রথম? রোহিত ভাঙলেন গেইলের নজির
IND vs AFG: বেঙ্গালুরুতে ভারত-আফগানিস্তান ম্যাচের ফয়সালা হতে লাগল দুটি সুপার ওভার। নাটকীয় জয় ছিনিয়ে মহেন্দ্র সিং ধোনিকে পিছনে ফেলে দিলেন অধিনায়ক রোহিত শর্মা।
ভারত ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল আফগানিস্তানকে। উল্লেখ্য, টি২০ বিশ্বকাপের আগে এটিই ছিল ভারতের শেষ টি২০ আন্তর্জাতিক সিরিজ।

টি২০ ক্রিকেটে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ম্যাচের ফয়সালা হলো সুপার ওভারে। দুটি ম্যাচেই কমন ফ্যাক্টর রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কোনও ম্যাচের ফয়সালা হতে লাগল দুটি সুপার ওভার। টি২০ ক্রিকেটে এর আগে একবারই এমনটা হয়েছে। ২০২০ সালের আইপিএলে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব।
টি২০ আন্তর্জাতিকে টাই হওয়া ম্যাচে সুপার ওভারের আগে মোট রানের নিরিখে গতকালের ম্যাচটি দ্বিতীয় স্থানে। ভারত ও আফগানিস্তান দুই দলই ২১২ রান তুলেছিল, মোট ৪২৪। ২০১০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া দ্বৈরথে দুই দলই ২১৪ রান করে তুলেছিল।
রোহিত শর্মা বিশ্বের প্রথম ব্য়াটার হিসেবে টি২০ আন্তর্জাতিকে পঞ্চম শতরান হাঁকিয়েছেন। ৬৯ বলে অপরাজিত ১২১ তাঁর টি২০ আন্তর্জাতিক কেরিয়ারের সর্বাধিক। ২০১৮ সালে তিনি বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে চতুর্থ টি২০ আন্তর্জাতিক শতরানটি পেয়েছিলেন। কলিন মুনরোর তিনটি শতরানের নজিরকে টপকে। গত বছর রোহিতকে স্পর্শ করেন গ্লেন ম্যাক্সওয়েল ও সূর্যকুমার যাদব।
২২ রানে চার উইকেট পড়ার পর ১৯০ রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপ গড়েন রোহিত শর্মা ও রিঙ্কু সিং। টি২০ আন্তর্জাতিকে এটি ভারতের সর্বাধিক পার্টনারশিপ। ২০২২ সালে দীপক হুডা ও সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় উইকেট জুটিতে ১৭৬ রান যোগ করেছিলেন। শেষ দুই ওভারে ভারত তুলেছে ৫৮ রান। যা পুরুষদের টি২০ আন্তর্জাতিকে সর্বাধিক।
ভারত ১৯ ও ২০ ওভারে ঝড় তোলায় ভেঙে গিয়েছে গত বছরের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে নেপালের শেষ ২ ওভারে তোলা ৫৫ রানের রেকর্ড। করিম জানাত শেষ ওভারে ৩৬ রান দিয়েছেন। যা টি২০ আন্তর্জাতিকে কোনও ওভারে ওঠা সর্বাধিক রানের নিরিখে রইল যুগ্ম শীর্ষে।
তবে এই ৩৬ রান ছয় বলে ছয় ছক্কার সৌজন্যে আসেনি। যে কীর্তি টি২০ আন্তর্জাতিকে রয়েছে দু-জনের। ২০০৭ সালে যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের এবং ২০২১ সালে কায়রন পোলার্ড আকিলা ধনঞ্জয়ের ৬ বলে ৬ ছক্কা হাঁকিয়ে ৩৬ রান নিয়েছিলেন। ভারত শেষ ৫ ওভারে ১০৩ রান তুলেছে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ১০৮ রান রয়েছে নেপালের, মঙ্গোলিয়ার বিরুদ্ধে।
এই নিয়ে টি২০ আন্তর্জাতিকে ১৯০ রানের পার্টনারশিপ হলে অষ্টমবার। যার সাতটিই হয়েছে ওপেনিং জুটিতে। ফলে রোহিত ও রিঙ্কুর পার্টনারশিপ টি২০ আন্তর্জাতিকে পঞ্চম উইকেট জুটিতে সর্বাধিক। রোহিত শর্মার পাঁচটি টি২০ আন্তর্জাতিক শতরানের তিনটিই অধিনায়ক হিসেবে। এই শতরান তাঁকে বসাল বাবর আজমের সঙ্গে একই আসনে।
৩৬ বছর ২৬২ দিনের মাথায় রোহিত পঞ্চম টি২০ আন্তর্জাতিক শতরান হাঁকালেন। যা টেস্টখেলিয়ে দেশগুলির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি বয়সে করা টি২০ আন্তর্জাতিক শতরান। এর আগে ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ক্রিস গেইল অপরাজিত ১০০ রান করেছিলেন ৩৬ বছর ১১৭ দিনের মাথায়।












Click it and Unblock the Notifications