IND-A vs AUS-A: দুরন্ত বোলিং মুকেশ কুমারের, ঈশ্বরণদের ব্যর্থতার মধ্যেই ম্যাচে ফিরল ভারতীয় ‘এ’ দল
বর্ডার-গাভাসকর ট্রফিতে হর্ষিত রানা ভারতীয় দলের মূল স্কোয়াডে সুযোগ পেলেও রিজার্ভ দলের সদস্য হয়েছেন মুকেশ কুমার। কিন্তু অস্ট্রেলিয়ার পেস সহায়ক উইকেটে সুযোগ পেলে তিনিও কার্যকরী ভূমিকা নিতে পারেন তা বোঝালেন বাংলা দলের পেসার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ম্যাচে বল হাতে বিধ্বংসী পারফরম্যান্স করলেন মুকেশ।
প্রথম দিনে ব্যাটারদের ব্যর্থতায় কিছুটা ব্যাকফুটে ছিল ভারতীয় এ দল। কিন্তু দ্বিতীয় দিনের সকালে প্রসিদ্ধ কৃষ্ণা ও মুকেশ কুমারের পেস জুটি ভারতকে ম্যাচে ফেরালেন। ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া এ দলের ব্যাটিং লাইন আপে ধস নামালেন মুকেশ কুমার। বাংলা দলের পেসারের বল আউট হয়েছেন ওপেনার স্যাম কন্টাস থেকে শুরু করে ওয়েবস্টার, কুপার, জস ফিলিপে, ব্রেন্ডন ও টড মারফি।

বল হাতে আগুনে পারফরম্যান্স করেন মুকেশ। ১৮.৪ ওভার বল করে ৭টি মেডেন সহ ৪৬ রান দিয়ে ৬ উইকেট নেন মুকেশ। ম্যাচের প্রথম দিন তিনি নিয়েছিলেন ২টি উইকেট। দ্বিতীয় দিনে আরও চার অজি এ দলের ব্যাটারকে সাজঘরে ফেরালেন । তাঁর পাশাপাশি প্রসিধ কৃষ্ণা নেন ৩টি উইকেট। অপর একটি তুলে নেন নীতীশ কুমার রেড্ডি। অস্ট্রেলিয়া এ দলের প্রথম ইনিংস শেষ হল ১৯৫ রানে।
জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় এ দল। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থ দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ এবং ঋতুরাজ গাইকোয়াড়। ঈশ্বরণ ১২ এবং ঋতুরাজ ৫ রানে আউট হন। কিন্তু দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলকে আপাতত চাপমুক্ত রাখলেন সাই সুদর্শন এবং দেবদত্ত পাড়িক্কল। সুদর্শন ৯৬ রানে এবং দেবদত্ত ৮০ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ২০৮। এখনও পর্যন্ত ভারতীয় এ দল ১২০ রানে লিড পেয়েছে। বৃহস্পতিবার ম্যাকায়ে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া এ-দলের সিরিজের প্রথম বেসরকারি টেস্ট। টস জিতে ভারতকে শুরুতে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ন্যাথন ম্যাকসুইনি। কিন্তু এই ম্যাচের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারতীয় দল। অভিমন্যু থেকে ঋতুরাজ কেউই রান করতে পারেননি। ১০৭ রানেই অল আউট হয় ভারতীয় এ দল।
তবে দুই ওপেনারের ফর্ম চিন্তায় রাখবে ভারতীয় এ দলকে। বিশেষ করে ঈশ্বরণ ভারতীয় মূল দলে সুযোগ পেয়েছেন বর্ডার-গাভাসকর ট্রফিতে ।












Click it and Unblock the Notifications