হয় অবসর নয় বাদ! ধোনিকে চয়েজ দেওয়া হতে পারে
হয় অবসর নয় বাদ! ধোনিকে চয়েজ দেওয়া হতে পারে
২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের ছিটকে যাওয়ার পর থেকেই মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়। অনেকে আবার ধোনির মন্থর ব্যাটিংয়ে বিরক্ত হয়ে তাঁর ক্রিকেট থেকে সরে যাওয়াই শ্রেয় বলে মনে করেন।

সোশ্যাল মিডিয়ায় এর বিপরীত চিত্রও দেখা যায়। সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর থেকে শুরু করে কবি জাভেদ আখতার সহ বহু ধোনি ফ্যান এবং প্রাক্তন ক্রিকেটাররা তাঁকে খেলা না ছাড়ার আবেদন জানান। অনেকে আবার ধোনির উপরই বিষয়টি ছেড়ে দেওয়া শ্রেয় বলে জানিয়েছেন। অবসর নিয়ে নিজে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।
কিন্তু বিসিসিআই-র একটা সূত্র থেকে পাওয়া খবরে কিন্তু উদ্বেগ বাড়তে পারে এমএস ফ্যানদের। জানা গিয়েছে, ইংল্যান্ড বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে ধোনিকে নাকি আর দলে রাখতে চাইছে না খোদ ভারতীয় ক্রিকেট বোর্ডই। সেক্ষেত্রে নাকি মাহিকে অবসর নেওয়ার প্রস্তাব দেওয়া হতে পারে। কথা না শুনলে অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঠানো ভারতীয় দল থেকে ধোনিকে বাদ দেওয়া হতে পারে বলে খবর।
বিসিসিআই-র ১৭ ও ১৮ জুলাইয়ের বৈঠকে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যত নির্ধারিত হতে পারে বলে একটা সূত্র মারফত জানা গিয়েছে। বোর্ডের মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ খুব শীঘ্র এ ব্যাপারে ধোনির সঙ্গে কথা বলতে পারেন বলেও খবর। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে তাকিয়ে ৩৮ বছরের ধোনির পরিবর্তে কোনও তরুণ খেলোয়াড়কে নেওয়ার পক্ষপাতি ভারতীয় ক্রিকেট বোর্ড।












Click it and Unblock the Notifications