ICC WTC Final: ভারত ও অস্ট্রেলিয়ার সব কিছু সমান হলে কে যাবে ফাইনালে? সিডনিতে জিততেই হবে রোহিতদের
ICC WTC Final: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জুনের ১১ তারিখ থেকে লর্ডসে। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি কে হবে তা নিয়ে চলছে হিসেবনিকেশ।
মেলবোর্ন টেস্ট জেতায় সুবিধাজনক জায়গায় রয়েছে পয়েন্ট তালিকার দুইয়ে থাকা অস্ট্রেলিয়া। সিডনি টেস্টের ফলাফল গোটা পরিস্থিতি আরও স্পষ্ট দিতে পারে।

ভারতকে টানা তিনবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা জিইয়ে রাখতে হলে সিডনি টেস্টে জিততেই হবে। অজিরা সিডনি টেস্ট জিতলে বা টেস্টটি ড্র হয়ে গেলে ভারত ছিটকে যাবে দৌড় থেকে।
চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের ঝুলিতে রয়েছে ১১৪ পয়েন্ট। পারসেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের হার ৫২.৭৮ শতাংশ। অস্ট্রেলিয়ার রয়েছে ১১৮ পয়েন্ট, সাফল্যের হার ৬১.৪৬ শতাংশ। সিডনিতে জিতলে ২২৮ পয়েন্টের মধ্যে ১২৬ পয়েন্ট পেয়ে ভারত অভিযান শেষ করবে। পারসেন্টেজ অব পয়েন্টস হবে ৫৫.২৬ শতাংশ।
অস্ট্রেলিয়া যদি সিডনির পর শ্রীলঙ্কায় দুটি টেস্টেই জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৫৪। বাকি তিনটি টেস্টের মধ্যে একটি জিতলেই অজিরা নিশ্চিত করে ফেলবে ফাইনাল খেলার বিষয়টি। তবে যদি ভারত সিডনিতে জেতে এবং শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়া ০-২ বা ০-১ ব্যবধানে হারে তাহলে পরিস্থিতি আসবে ভারতের অনুকূলে।
এমন পরিস্থিতিও হতে পারে যেখানে ভারত ও অস্ট্রেলিয়া সমান পয়েন্ট পেয়ে শেষ করল। সিডনিতে ভারত জিতলে এবং শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজের দুটি টেস্টই ড্র হলে তেমনটা হতেই পারে। দুই দলই শেষ করতে পারে ১২৬ পয়েন্ট পেয়ে। সাফল্যের হার ৫৫.২৬ শতাংশ হতে পারে।
যদি ভারত ও অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সব কিছু সমান থাকে, তাহলে প্রথমে দেখা হবে সিরিজ জয়ের সংখ্যা। ভারত ও অস্ট্রেলিয়া তিনটি করে সিরিজ জিতে শেষ করার সম্ভাবনা রয়েছে। তখন দেখা হবে কোন দল বিদেশ সফরে বেশি পারসেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের হার নিশ্চিত করেছে।
২০২৩ থেকে ২০২৫ অবধি যে সংস্করণ চলছে তাতে ভারত ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ১টি টেস্টে জিতেছে, ১টি ড্র করেছে। দক্ষিণ আফ্রিকাতেও তাই। অস্ট্রেলিয়া ইংল্যান্ডে ২টি টেস্টে জিতেছে, ২টিতে হেরেছে, ১টি ড্র। নিউজিল্যান্ডে গিয়ে জিতেছে ২টি। শ্রীলঙ্কায় যদি অজিরা ড্র করে তাহলেও বিদেশ সফর থেকে অর্জিত সবচেয়ে বেশি সাফল্যের হারের নিরিখে ভারতের চেয়ে এগিয়েই থাকবে।












Click it and Unblock the Notifications