ICC WTC: সবচেয়ে স্বস্তিতে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা, ফাইনালের দৌড়ে অস্ট্রেলিয়া এগিয়ে ভারতের চেয়ে
ICC WTC: শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে দক্ষিণ আফ্রিকা। জুনে লর্ডসে ফাইনাল খেলার সম্ভাবনা বেশ জোরালো।
অস্ট্রেলিয়া নেমে গিয়েছে দুইয়ে। অ্যাডিলেড টেস্ট জেতার কয়েক ঘণ্টার মধ্যেই। ভারত নেমে গিয়েছে তিনে। দক্ষিণ আফ্রিকায় হারলেও দৌড়ে অঙ্কের নিয়মে টিকে রয়েছে শ্রীলঙ্কাও।

তবে যা পরিস্থিতি, তাতে আগামী বছর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ হলে অবাক হওয়ার কিছু নেই। দক্ষিণ আফ্রিকা দেশের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট খেলবে। তাদের পারসেন্টেজ অব পয়েন্ট বা সাফল্যের হার ৬৩.৩৩ শতাংশ।
অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে তিনটি এবং শ্রীলঙ্কায় গিয়ে আরও ২টি টেস্ট খেলবে। অজিদের সাফল্যের শতকরা হার বা পারসেন্টেজ পয়েন্ট ৬০.৭১। ভারতের ৫৭.২৯, রোহিত শর্মাদের হাতে রয়েছে তিনটি টেস্ট। শ্রীলঙ্কা আছে চারে। সাফল্যের হার ৪৫.৪৫ শতাংশ, হাতে ২টি টেস্ট দেশের মাটিতে অজিদের বিরুদ্ধে।
ভারতকে ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়ায় আর হারলে চলবে না। দুটি টেস্ট জয় ও একটি ড্র করলেই চলবে। তাতে ভারতের পারসেন্টেজ পয়েন্ট হবে ৬০.৫৩ শতাংশ। তাতে দুইয়ে থাকবে ভারত। কারণ, তেমনটা হলে অস্ট্রেলিয়া যদি শ্রীলঙ্কায় ২-০ ব্যবধানেও সিরিজ জেতে, তবু ৫৭.০২ পারসেন্টেজ পয়েন্টের বেশি যেতে পারবে না।
ভারত যদি ৩-২ ব্যবধানে সিরিজ জেতে তাহলে পারসেন্টেজ পয়েন্ট থাকবে ৫৮.৭৭-এ। তাতেও ভারত ফাইনালে যেতে পারবে যদি অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় ১-০ ব্যবধানে জেতে তবেই। ভারত ২-৩ ব্যবধানে ডাউন আন্ডারে সিরিজ হারলে ৫৩.৫১ শতাংশে শেষ করবে। সেক্ষেত্রে ভারতকে পিছনে ফেলতে পারে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
ফলে ভারতকে প্রত্যাশা করতে হবে দক্ষিণ আফ্রিকাকে যেন পাকিস্তান হারিয়ে দেয় দুটি টেস্টেই এবং অস্ট্রেলিয়া যেন শ্রীলঙ্কায় অন্তত ১টি টেস্ট ড্র করে। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের তিনটির মধ্যে দুটিতে জিতলেই ফাইনালে চলে যাবে। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় গিয়ে দুটি টেস্টে হারলেও অজিরা শেষ করবে ৫৫.২৬ পারসেন্টেজ পয়েন্ট নিয়ে।
সেই পরিস্থিতিতে ভারত থাকবে ৫৩.৫১-এ এবং শ্রীলঙ্কা ৫৩.৮৫-এ। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা যাবে ফাইনালে। ভারতের কাছে ২-৩ ব্যবধানে হারলে অজিদের শ্রীলঙ্কায় গিয়ে দুটি টেস্ট জিততেই হবে। ভারত বাকি দুটি টেস্ট জিতলে থাকবে ৫৮.৭৭-এ।
এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া চাইবে দক্ষিণ আফ্রিকা যেন একটির বেশি ড্র না করতে পারে পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে একটি হারলে এবং একটি ড্র করলে প্রোটিয়ারা থাকবে ৫৫.৫৬-এ। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় একটি টেস্ট ড্র ও একটিতে জিতলে ফাইনাল খেলবে অজিরা।
দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্টের একটিতে জিতলেই ফাইনাল খেলা নিশ্চিত করে ফেলবে। সিরিজ ১-১ হলে প্রোটিয়ারা শেষ করবে ৬১.১১ শতাংশ নিয়ে। ফলে ভারত বা অস্ট্রেলিয়ার মধ্যে কোনও একটি দেশ যাবে ফাইনালে।
যদি দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যে সিরিজে দুটি টেস্টই ড্র হয় তবে প্রোটিয়ারা থাকবে ৫৮.৩৩ শতাংশে। ভারত যদি অজিদের ৩-২ ব্যবধানে হারায় এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় দুটি টেস্টে জেতে তাতে ভারত ও অস্ট্রেলিয়া শেষ করবে যথাক্রমে ৫৮.৭৭ ও ৬০.৫৩ শতাংশে। দু দলই ফাইনাল খেলবে।
দক্ষিণ আফ্রিকা যদি একটি টেস্টে হারে তাহলে তাদের প্রার্থনা করতে হবে যেন বাকি ৫টির মধ্যে অজিরা ২টির বেশিতে না জিততে পারে। কিংবা ভারত যেন একটির বেশিতে জিততে বা ড্র করতে না পারে। শ্রীলঙ্কা দেশের মাটিতে ২-০-তে জিতলে ৫৩.৮৫ শতাংশের বেশি যেতে পারবে না। তাতে তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকে, মিরাকলের দিকে।












Click it and Unblock the Notifications