ICC WTC Final: মেলবোর্নে ভারত খেল বড় ধাক্কা, অস্ট্রেলিয়ার কাছে হারের পর কি মিলবে লর্ডসে ফাইনালের টিকিট?
ICC WTC Final: মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৮৪ রানে হেরে গেল ভারত। তৃতীয় সেশনে ২০.৩ ওভারে ৩৪ রান তোলার ফাঁকে শেষ ৭ উইকেট হারিয়ে।
পাঁচ টেস্টের সিরিজে প্যাট কামিন্সের দল এগিয়ে গেল ২-১ ব্যবধানে। সিডনিতে শেষ টেস্ট ৩ জানুয়ারি থেকে। বর্ডার-গাভাসকর ট্রফির দখল নেওয়ার সম্ভাবনা জোরালো করল অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের সম্ভাবনা হলো শেষ।

অজিরা পা বাড়াল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দিকে। গতকালই ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুইয়ে অস্ট্রেলিয়া।
১৬টি টেস্ট খেলার পর অস্ট্রেলিয়ার সাফল্যের হার বা পারসেন্টেজ অব পয়েন্টস দাঁড়াল ৬১.৪৬। ভারতের ক্ষেত্রে তা কমে হলো ৫২.৭৮ শতাংশ। ভারত যদি সিডনি টেস্টে জেতে তাহলে সর্বাধিক ৫৫.২৬ শতাংশে পৌঁছতে পারবে। কিন্তু তা ফাইনালে ওঠার পক্ষে যথেষ্ট হবে না।
তবে অঙ্কের নিয়মে ভারতের আশা জিইয়ে থাকবে। সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া যেন অন্তত ০-১ ব্যবধানে হেরে যায়। ফলে সিডনিতে জিতলেও নিশ্চিন্ত থাকতে পারবে না ভারত। তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া সিরিজের দিকে।
অস্ট্রেলিয়া যদি মেলবোর্নের পর সিডনি টেস্টেও জেতে তাহলে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুটি টেস্টে হারলেও ফাইনালে জায়গা করে নেবে। কেন না, সেক্ষেত্রে তাদের পারসেন্টেজ অব পয়েন্টস বা সাফল্যের হার দাঁড়াবে ৫৭.০২ শতাংশ।
সিডনি টেস্ট ড্র হলে এবং অস্ট্রেলিয়া শ্রীলঙ্কায় গিয়ে দুটি টেস্টে হারলেও অজিরা এগিয়ে থাকবে ভারতের চেয়ে। তবে ক্লিন স্যুইপ করলে শ্রীলঙ্কা পেয়ে যেতে পারে লর্ডসে ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার ছাড়পত্র।
যদি অস্ট্রেলিয়া সিডনিতে ভারতের কাছে হেরে যায় তাহলে শ্রীলঙ্কা সফরে গিয়ে একটি টেস্ট জিতলেই মিলবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার ছাড়পত্র।
শ্রীলঙ্কা যদি দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারায় তবে তারা শেষ করবে ৫৩.৮৫ শতাংশে। শ্রীলঙ্কাও তাই তাকিয়ে থাকবে সিডনি টেস্টের দিকে। চাইবে সেই টেস্টটি যাতে ড্র হয়। তাহলে নিজেদের দেশে অজিদের হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা দ্বিতীয় দল হিসেবে পৌঁছতে পারবে ফাইনালে।












Click it and Unblock the Notifications