WTC Final: ভারতের বিরুদ্ধে ফাইনালে একাদশে চমক দেবে না কামিন্সের অস্ট্রেলিয়া, চতুর্থ পেসার কে?
WTC Final 2023: কাল থেকে ওভালে শুরু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। জশ হ্যাজলউডের ছিটকে যাওয়া অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। হ্যাজলউডের বিকল্প কে হবেন তা আজ খোলসা করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
হ্যাজলউডের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে মাইকেল নেসেরকে। যদিও নেসের নন, স্কট বোল্যান্ডকেই একাদশে রাখার ইঙ্গিত দিলেন কামিন্স।

অস্ট্রেলিয়া আজ তাদের প্রথম একাদশ ঘোষণা করেনি। তবে বোলিং বিভাগ কারা সামলাবেন সেই চিত্রটা স্পষ্ট করে দিয়েছেন কামিন্স। ভারতের বিরুদ্ধে ফাইনালের দলে বড় কোনও চমক যে থাকবে না সেটাও জানিয়ে দেন কামিন্স। উল্লেখ্য, বোল্যান্ড ৭টি টেস্টে ২৮টি উইকেট নিয়েছেন। ভারতের বিরুদ্ধে নাগপুর টেস্টে খেলেন, উইকেট পাননি।
২০২১ সালে মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল। ওই টেস্টের দ্বিকীয় ইনিংসে ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সাতটির মধ্যে ৬টি টেস্টই খেলেছেন দেশের মাটিতে, একটি ভারতে। ইংল্যান্ডে এই প্রথম টেস্ট খেলবেন। তাঁর বোলিং দক্ষতা দেখে কামিন্স বেশ আত্মবিশ্বাসী।

কামিন্স বলেন, ইংল্যান্ডে বলের স্যুইং ও সিম খুব ভালো হয়। যা দেখে বোলাররা উৎসাহিত হয়ে প্রতি বলেই উইকেট নেওয়ার চেষ্টা করেন। স্কটি (স্কট বোল্যান্ড)-র জন্য গেমপ্ল্যান সাধারণই থাকবে। সঠিক জায়গায় বল ফেলতে হবে। গোটা দিন সেটাই করতে হবে। আশা করা যায়, তাতে সাফল্যও আসবে।
ইংল্যান্ডে দলের অনুশীলনে বোল্যান্ডের বোলিং দেখে সন্তুষ্ট কামিন্স। ম্যাচে তিনি আরও ভালো বল করবেন বলেও আশাবাদী অজি অধিনায়ক। তাঁর কথায় স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের বিরুদ্ধে চার পেসার নিয়েই নামবে অস্ট্রেলিয়া। কামিন্সের সঙ্গে থাকবেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড ও অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

ওপেনিংয়ে উসমান খোয়াজার সঙ্গী হবেন ডেভিড ওয়ার্নার। দলে জায়গা ধরে রাখতে এই ফাইনাল বড় মঞ্চ হতে চলেছে ওয়ার্নারের কাছে। তিন ও চারে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। পাঁচ থেকে সাতে নামবেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। একমাত্র স্পিনার হিসেবে দলে থাকবেন নাথান লিয়ঁ।
ওভালের উইকেটে ঘাস রয়েছে। তারই ফায়দা তুলতে অজিরা চার পেসারে নামবে। সেক্ষেত্রে ভারতে সাফল্য পেলেও টড মার্ফিকে বাইরেই থাকতে হচ্ছে।
Who will hold the mace at the end of the #WTC23 Final? 💪
— ICC (@ICC) June 6, 2023
The captains had their say ➡️ https://t.co/lHLFzv4AF4 pic.twitter.com/Tum9LcXYJJ
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ- ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড।












Click it and Unblock the Notifications