ICC WTC Final 2025: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লর্ডসে, দিনক্ষণ জানাল আইসিসি
ICC WTC Final 2025: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র চলছে এখন। ২০২৩ থেকে ২০২৫ অবধি সেই চক্রের ফাইনাল হবে লর্ডসে।
জুনের ১১ তারিখ থেকে তা চলার কথা ১৫ জুন অবধি। রিজার্ভ ডে রাখা হয়েছে ১৬ জুন। আজ আইসিসির তরফে এ কথা জানানো হলো।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এই নিয়ে টানা তিনবার আয়োজিত হচ্ছে ইংল্যান্ডের মাটিতে। ভারত দু-বারই ফাইনাল খেলেছে। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছিল নিউজিল্যান্ড। গত বছর খেতাব জিতেছে অস্ট্রেলিয়া।
লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ঘিরে টিকিটের চাহিদা ভালোই থাকবে বলে মনে করা হচ্ছে। ২৭টি সিরিজে ৬৯টি টেস্টের ফলাফল নির্ধারণ করবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র বা সংস্করণের ফাইনালিস্টদের।
এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ভারত। পারসেন্টেজ পয়েন্ট বা সাফল্যের শতকরা হার এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। নিউজিল্যান্ড তিনে, ইংল্য়ান্ড চারে, দক্ষিণ আফ্রিকা পাঁচে, বাংলাদেশ ছয়ে, শ্রীলঙ্কা সাতে, পাকিস্তান আটে এবং ওয়েস্ট ইন্ডিজ নবম স্থানে রয়েছে।
ভারত ফাইনাল খেলার হ্যাটট্রিক গড়তে পারবে কিনা তা স্পষ্ট হবে আগামী ৫ মাস ধরে চলা ১০টি টেস্টের ফলাফলে। তার মধ্যে দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট রয়েছে ভারতের। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাবজয়ী অজি অধিনায়ক প্যাট কামিন্স বলেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জেতা আমাদের বড় লক্ষ্য আগেও ছিল, এখনও আছে। কঠোর পরিশ্রম ও ধারাবাহিকতা দেখিয়ে ফাইনাল খেলার সুযোগ সব দলের কাছেই রয়েছে। অনেক ক্রিকেট এখনও বাকি আছে। আশা রাখি, আমরা ফের ফাইনাল খেলতে পারব। আমরা খেতাব দখলে রাখতে চাই, সেই দ্বৈরথের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা।
এই প্রথম লর্ডসে হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। বিশ্বের সেরা ২ দলের দ্বৈরথ আয়োজনে মুখিয়ে রয়েছে এমসিসি। কেন না, লর্ডসে টেস্ট ম্যাচের প্রতিটি দিনই স্পেশ্যাল। আপাতত আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ভারতের সাফল্যের হার ৬৮.৫২ শতাংশ, অস্ট্রেলিয়ার ৬২.৫০ শতাংশ। নিউজিল্যান্ডের ৫০ শতাংশ, ইংল্যান্ডের ৪৫ শতাংশ।
এদিকে, বিসিসিআই জানিয়ে রেখেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কথা মাথায় রেখে লম্বা বিরতি থাকবে ভারতীয় দলের প্রস্তুতির জন্য। ফলে মে মাসের মধ্যেই শেষ করা হতে পারে আইপিএল। টুর্নামেন্ট এগিয়ে আনা হতে পারে, বাড়তে পারে ডাবল হেডারও। এই ফাইনালের পর ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলবে ভারত।












Click it and Unblock the Notifications