ICC WTC 2023-25: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে অস্ট্রেলিয়া, নেমে গেল ভারত
ICC WTC 2023-25: অস্ট্রেলিয়া ক্রিকেট দল ২০২৪ শুরু করল দারুণভাবেই। গতকালই জানা গিয়েছিল ভারতকে সরিয়ে বিশ্বের ১ নম্বর টেস্ট দলের সিংহাসন দখলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ ১-১ হওয়ার ফলে অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দলগতভাবে শীর্ষস্থানে পৌঁছে যায়। এবার সিডনিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও সকলকে টেক্কা দিল অজিরা।

অস্ট্রেলিয়া নিজেদের দেশে এই নিয়ে পাকিস্তানকে টানা ১৭টি টেস্টে পরাজিত করল। কোনও দল কোনও প্রতিপক্ষকে কোনও দেশে টানা ১০টি টেস্টে হারিয়েছে এমন নজির নেই। ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে অস্ট্রেলিয়াই টানা ৯ বার হারিয়েছিল। এই নিয়ে সপ্তমবার তিন বা তার বেশি টেস্টের সিরিজে পাকিস্তানকে চুনকাম করল অস্ট্রেলিয়া।
সিডনি টেস্টে ৮ উইকেটে জেতার ফলে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে চূর্ণ করল বর্তমানে বিশ্বের ১ নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়া। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বশেষ সংস্করণের ফাইনালে ভারতকে হারিয়েই খেতাব জিতেছিল অস্ট্রেলিয়া। চলতি সংস্করণে অস্ট্রেলিয়া ৮টি টেস্ট খেলল, সাফল্যের শতকরা হার ৫৬.২৫ শতাংশ।
কেপ টাউনে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারানোর পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল ভারত। অজিদের আধিপত্যে আজ ভারত নেমে গেল দুই নম্বরে। ভারত চারটি টেস্ট খেলেছে, সাফল্যের শতকরা হার ৫৪.১৬ শতাংশ। তিন নম্বরে রয়েছে তিনটি দেশ- দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। এই দেশগুলি ২টি করে টেস্ট খেলেছে এখনও পর্যন্ত, সাফল্যের হার ৫০ শতাংশ।
অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে চরম বিপর্যয়ের মুখে পড়ে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ছয়ে চলে গেল পাকিস্তান। পাকিস্তানের সাফল্যের শতকরা হার ৩৬.৬৬ শতাংশ। বক্সিং ডে ও নিউ ইয়ার টেস্ট খেলেছে চারটি দেশ- অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ভারতকে হারালেও কেপ টাউনে মুখ থুবড়ে পড়েছে প্রোটিয়ারা।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ (১৬.৬৭ শতাংশ), ইংল্যান্ড (১৫ শতাংশ) ও শ্রীলঙ্কা (০ শতাংশ)। শ্রীলঙ্কা চলতি চক্রে ২টি টেস্ট খেলে ২টিতেই হেরেছে। চলতি মাসেই অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।
ফলে অজিরা নিজেদের অবস্থান আরও মজবুত করার সুযোগ পাবে। ভারত দেশের মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। হায়দরাবাদে প্রথম টেস্ট ২৫ জানুয়ারি থেকে। ইংল্যান্ড অ্যাশেজে ২টি টেস্টে জিতেছে, ২টিতে হেরেছে, একটি টেস্ট ড্র হয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ৯ পয়েন্ট। তার কারণ, ইংল্যান্ডের ১৯ পয়েন্ট কাটা গিয়েছে স্লো ওভার রেটের কারণে।
দক্ষিণ আফ্রিকা ফেব্রুয়ারিতে দুই টেস্টের সিরিজ খেলতে যাবে নিউজিল্যান্ডে। সেই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০ শেষ হবে না। সে কারণে একঝাঁক তরুণ ক্রিকেটারকে রেখে দ্বিতীয় সারির দল পাঠানো হচ্ছে কিউয়িদের দেশে। যা নিয়ে বিতর্কও তুঙ্গে। ফলে ওই সিরিজে অ্যাডভান্টেজ নিউজিল্য়ান্ড।












Click it and Unblock the Notifications