ICC World Cup 2023: বিশ্বকাপের ভারতীয় দল গঠনে বড় ভুল চিহ্নিত করলেন যুবরাজ সিং, কাকে দেখতে চেয়েছিলেন?
ICC World Cup 2023: বিশ্বকাপের চূড়ান্ত দলে ভারত একটিই পরিবর্তন করেছে শেষ লগ্নে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
অশ্বিন ২০১১ সালের বিশ্বকাপের দলেও ছিলেন। সেই বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পাওয়া যুবরাজ সিং অবশ্য ভারতীয় নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের সঙ্গে সহমত নন। তাঁর দাবি ভুলের মাশুল দিতে হতে পারে ভারতকে।

অক্ষর প্যাটেলের চোটের মাধ্যমে সুযোগ এসেছিল। কিন্তু তা সত্ত্বেও যুজবেন্দ্র চাহালকে বিশ্বকাপের দলে ঠাঁই দেওয়া হয়নি। এটিকেই ভুল সিদ্ধান্ত বলে উপলব্ধি যুবির। তিনি বলেন, আমাদের দলের ভারসাম্য যথেষ্ট ভালো। তবে যেহেতু ভারতে বিশ্বকাপ হচ্ছে, এখানকার উইকেটে বল ঘোরে, সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালকে দলে নেওয়া উচিত ছিল।
দেশের হয়ে ৭২টি একদিনের আন্তর্জাতিকে চাহালের ১৪১টি উইকেট রয়েছে। যুবি বলেন, চাহালকে বাইরে রাখা চিন্তার কারণ হয়ে উঠতে পারে। উইকেট তুলতে গেলে লেগ-স্পিনাররা খুব কার্যকরী হন। কুলদীপ যাদব ভালো বোলিং করছেন। কিন্তু মন্থর বা ঘূর্ণি উইকেটে বল হাতে চাহাল বিপজ্জনক হয়ে উঠতে পারার ক্ষমতা রাখেন।

যুবি আরও বলেন, হার্দিক পাণ্ডিয়া তৃতীয় সিমারের ভূমিকা পালন করবেন। ফলে চাহালকে দলে রাখাই যেত। জসপ্রীত বুমরাহর প্রত্যাবর্তন খুব ভালো দিক। তিনি যখন খেলছিলেন না তখন কিছু একটার অভাব বোধ হচ্ছিল বোলিং বিভাগে। চোট-আঘাতের সমস্যার কারণে এশিয়া কাপ নিয়ে আমার সংশয় ছিল। কিন্তু এশিয়া কাপ জেতায় বিশ্বকাপও জেতা যাবে তার গ্যারান্টি নেই।
ওয়াশিংটন সুন্দর ব্যাট-বল করতে পারেন, বয়স অল্প। তাঁকে বিশ্বকাপের দলে নেওয়া যেত বলেও মন্তব্য যুবরাজের। ভারতীয় দল ভালো ফর্মে রয়েছে। এটা বিশ্বকাপের আগে ভালো লক্ষণ বলে চিহ্নিত করেছেন যুবরাজ। কাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ২০১৯ সালের বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। আজ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মেন ইন ব্লু অনুশীলনও সেরেছে।












Click it and Unblock the Notifications