ICC World Cup 2023: বিশ্বকাপ জিততে হলে কী করতে হবে বিরাট-রোহিতদের? জানালেন কোচ দ্রাবিড়
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বকাপ। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক একদিনের ম্যাচ না জিতলেও সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে না পারলেও,সিরিজ ২-১-এ জিতে নিয়েছে ভারতীয় দল। বিশ্বকাপের ম্যাচগুলিতে এই ধারাবাহিকতা ধরে রাখতে চায় ভারতীয় দল।
রাজকোটে ম্যাচ শেষে কোচ রাহুল দ্রাবিড় বলেন, "ম্যাচ হেরে গেলেও আমি চিন্তিত নই। আমার দলের প্রতিটা ক্রিকেটার সঠিক ম্যাচ টাইম পাচ্ছে কিনা এটাই আসল ব্যাপার। কারণ বিশ্বকাপের আগে মেগা ইভেন্টের আগে যে যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে, ততই ক্রিকেটারদের জন্য ভালো। এতে ক্রিকেটারদের যেমন আত্মবিশ্বাস বাড়বে, ঠিক তেমনই দলের উন্নতি হবে।"

এশিয়া কাপ জয় তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়। স্বভাবতই বিশ্বখাপের আগে আত্মবিশ্বাসের চূড়ায় টিম ইন্ডিয়া। কোচ দ্রাবিড়কে স্বস্তি দিয়েছেন রাহল, শ্রেয়সের মতো চোট কাটিয়ে দলে ফেরা ক্রিকেটাররা। শ্রেয়স এবং রাহুল দুই জনেই বড় রান করেছেন। এমনকি বল হাতে বুমরাহকেও আগের ছন্দে দেখা যাচ্ছে।
এই প্রসঙ্গে টিম ইন্ডিয়ার হেডস্যার বলেন, 'চোট সারিয়ে প্রায় ৬-৭ মাস পর মাঠে ফিরলেও রাহুল দারুণ ব্যাট করছে। সঙ্গে পুরো ৫০ ওভার উইকেটকিপিং করে যাচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে শ্রেয়স আইয়ার চোট সারিয়ে নিজের নামের প্রতি সুবিচার করেছে। এটা কিন্তু সহজ বিষয় নয়। বিশ্বকাপেও এই সব গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা তাদের পারফরম্যান্স বজায় রাখুক। এটাই চাই। তাহলেই আরও একবার বিশ্বকাপ জয় সম্ভব।"

এই সিরিজে রবিচন্দ্রন অশ্বিনকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দল। বল হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। অক্ষর না অশ্বিন এই প্রসঙ্গে দ্য ওয়াল বলেন, 'আমাদের এই বিষয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এনসিএ-র সঙ্গে নির্বাচক কমিটি এবং অজিত আগারকর নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।'
এই বিষয়ে দ্রাবিড় আরও বলেন, 'এখনই এই বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে। যদি ভবিষ্যতে কোনও পরিবর্তন হয় তা সরকারিভাবে জানানো হবে, এখনই পরিবর্তনের সম্ভাবনা নেই।'

ডেভিড ওয়ার্নার-স্টিভ স্মিথদের বিরুদ্ধে ৮ অক্টোবর কাপ যুদ্ধের অভিযান শুরু করবে ভারত। এর আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। এই দুইটি ম্যাচেই টিম কম্বিনেশন চূড়ান্ত করে নিতে হবে কোচ দ্রাবিড়কে।












Click it and Unblock the Notifications