ICC World Cup 2023: ইডেনের ড্রেসিংরুমে তালা লাগিয়ে দাও! বাবরের পাকিস্তানকে কেন এমন পরামর্শ আক্রমের?
ICC World Cup 2023: কাল ইডেন লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এমনিতে ঠিকই হয়ে গিয়েছে মুম্বইয়ের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ও ইডেনে শেষ চারের দ্বৈরথে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তান ও আফগানিস্তান টিকে আছে অঙ্কের নিয়মে। নিউজিল্যান্ডের নেট রান রেটকে টেক্কা দিয়ে আফগানিস্তানকে জিততে হবে ৪৮৭ রানে। পাকিস্তানকে ২৮৭ রানে জিততে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ড টস জিতে ব্যাটিং নিলে ওখানেই শেষ পাকিস্তানের আশা!

ইডেনে পাকিস্তান দল যখন গতকাল পৌঁছয় তখন শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গিয়েছে। নৈশালোকে বাবর আজমদের অনুশীলন চলার ফাঁকেই সামনে এসে যায় নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল। কলকাতায় পৌঁছনোর পর গতকালই পাকিস্তান দলের সব ক্রিকেটার অনুশীলনে নামলেন। আজ দুপুরে পাকিস্তান দলের অনুশীলন করার কথা।
কনকাসনের সমস্যা কাটিয়ে পাকিস্তান দলে কামব্যাক করতে চলেছেন শাদাব খান। তিনি কার জায়গায় দলে আসবেন তা নিয়ে চর্চা রয়েছে। নেটে শাহিন শাহ আফ্রিদিদের যে মেজাজে দেখা গেল তাতে শেষ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করার মরিয়া ভাব লক্ষ্য করা গেল। তবে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা।
পাকিস্তানের যে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে তা নিয়ে কোনও সংশয় নেই। শুধু আছে অঙ্কের জটিল সমীকরণ। এরই মধ্যে বাবর আজমদের জন্য মজার উপায় বাতলেছেন প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিমন আক্রম। তিনি একটি টিভি শো-তে যোগ দেওয়ার আগে বলেছেন, পাকিস্তান প্রথমে ব্যাটিং করে যে স্কোরই তুলুক তাতেও সেমিফাইনালে যাওয়া সম্ভব।
কীভাবে? সেটা বলতে গিয়ে আক্রম বলেন, নিজেদের ইনিংস শেষের পর পাকিস্তান দল গিয়ে ইংল্যান্ডের ড্রেসিংরুমে তালা লাগিয়ে দিক। তাতে ইংল্যান্ডের ব্যাটাররা কেউ ব্যাট করতে নামতে পারবেন না। ২০ মিনিটে সকলেই টাইমড আউট হয়ে যাবেন। আর তাতেই ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল সম্ভবপর হবে।
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল দুপুরে বলেছিলেন, ইডেনে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে ভালো হয়। তিনি পাকিস্তানকে সেমিফাইনালে দেখতে চান। যদিও তার কয়েক ঘণ্টার মধ্যে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করে ফেলে। আক্রমের পাশাপাশি মিসবা উল হক, শোয়েব মালিক, মঈন খানরাও আর আশা দেখছেন না। আক্রমের টাইমড আউটের পরামর্শ শুনে মিসবা বলেন, অত কিছু করতে হবে না। টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে দিক। ওখানেই খেল খতম!












Click it and Unblock the Notifications