ICC World Cup 2023: বিশ্বকাপের আগে জোর ধাক্কা খেল শ্রীলঙ্কা, ভারতে আসতে হবে দুই তারকাকে ছাড়াই
ICC World Cup 2023: বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে ওয়ানিন্দু হাসারঙ্গা ছিটকে গেলেন বলে দাবি বিভিন্ন সংবাদমাধ্যমের। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি হাসারঙ্গা।
রিহ্যাব চলছিল। তখনই ফের হাসারঙ্গা চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কা এখনও চূড়ান্ত ১৫ সদস্যের দল ঘোষণা করেনি। সেই দলে দুষ্মন্ত চামিরার থাকার সম্ভাবনাও নেই বললেই চলে।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ৭ ম্যাচে ২২ উইকেট তুলে নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হন হাসারঙ্গা। শ্রীলঙ্কাকে বিশ্বকাপের মূলপর্বে তুলতে যথেষ্টই অবদান রাখেন এই স্পিনার। টি ২০ আন্তর্জাতিকে এই মুহূর্তে বিশ্বের ২ নম্বর স্পিনার হাসারঙ্গা উরুতে চোট পান লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালীন। বি-লাভ ক্যান্ডিকে ফাইনালে তুলতেও তাঁরই মূল অবদান ছিল।
বি-লাভ ক্যান্ডির অধিনায়ক হিসেবে হাসারঙ্গা টুর্নামেন্টে সর্বাধিক উইকেটশিকারী হন ১৯টি উইকেট দখল করে, ২৭৯ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীও হন। যজিও চোটের কারণে তিনি ফাইনাল খেলতে পারেননি, ক্যান্ডিই লঙ্কা প্রিমিয়ার লিগ খেতাব জেতে। হ্যামস্ট্রিংয়ের গ্রেড থ্রি টিয়ার তাঁকে ছিটকে দিল বিশ্বকাপ থেকে।

হাসারঙ্গার অনুপস্থিতিতে এশিয়া কাপে শ্রীলঙ্কার দুর্বলতা প্রকট হয়েছিল। বল হাতে অবদান রাখার পাশাপাশি লোয়ার অর্ডারেও ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নেন হাসারঙ্গা। তাঁর অভাব নিশ্চিতভাবেই অনুভূত হবে। হাসারঙ্গার অস্ত্রোপচার হতে পারে। যে কারণে তাঁকে আরও ৬-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
পেসার দুষ্মন্ত চামিরাও চোটের কারণে বাইরে রয়েছেন। বিশ্বকাপে তিনিও খেলতে পারবেন না বলে জানা যাচ্ছে। এশিয়া কাপ চলাকালীন মাহিশ থিকশানা চোট পেয়েছিলেন। তবে তিনি বিশ্বকাপে খেলতে পারবেন বলে আশাবাদী শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার নির্বাচকরা নজরে রাখছেন লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কার ফিটনেসের বিষয়টি।
দাসুন শনাকাই শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন। তাঁর অধিনায়কত্ব ছাড়ার জল্পনা ছড়ালেও তা সত্যি নয়। হাসারঙ্গার অনুপস্থিতিতে দুনিথ ওয়েলালাগে ভরসা দিয়েছেন। বিশ্বকাপের দলে থাকা কয়েকজন ছিটকে গেলে ভাগ্য খুলতে পারে লেগ স্পিনার দুশান হেমন্ত ও বোলিং অলরাউন্ডার চামিকা করুণারত্নের।












Click it and Unblock the Notifications