ICC World Cup 2023: সূচি ঘোষণার দিনেই সেমিফাইনালিস্ট বেছে নিলেন শেহওয়াগ, মুরলীধরনের নজরে কারা?
ICC World Cup 2023: অপেক্ষার মাত্র ১০০ দিন। তারপরই দেশের মাটিতে শুরু হবে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ২০১১ সালের পর আবারও ক্রিকেটের মেগা টুর্নামেন্টের আসর বসতে চলেছে ভারতের মাটি। মঙ্গলবার আরব সাগরের তীরে আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণার মধ্য দিয়েই ঢাকে কাঠি পড়ে গেল বিশ্বকাপের।
সূচি ঘোষণার পরই শুরু হয়ে গিয়েছে বিশ্লেষণ। কারা এগিয়ে, কোন দল পিছিয়ে এই নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট পণ্ডিতদের মধ্যে। দীর্ঘ ১ দশক আইসিসির ট্রফি অধরা ভারতের। ঘরের মাঠে ফের একবার আইসিসি ট্রফি জয়ের লক্ষ্যে।

মঙ্গলবার সূচি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ এবং শ্রীলঙ্কান কিনবদন্তি মুথাইয়া মুরলীধরন। দুই ক্রিকেট বিশ্লেষকের কথা উঠে আসে আসন্ন বিশ্বকাপের দল গুলির শক্তি দুর্বলতার কথা। ২০১১ সালে ভারতের একদিনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন বীরু। তাঁর মতে দেশের মাটিতে ফেভারিটের তকমা নিয়েই নামবে ভারত।
ক্রিকেটার জীবনে যেমন চালিয়ে ব্যাট করতেন তেমনই সূচি ঘোষণার দিনেও ফ্রন্টফুটে উত্তর দিলেন বীরু। সম্প্রচারকারী চ্যানেলের শো-তে শেহওয়াগকে প্রশ্ন করা হয়েছিল তাঁর মতে বিশ্বকাপের ফেভারিট টিম কারা? কোনও রকম ভনিতা না করেই বীরু সরাসরি বেছে নিলেন তাঁর পছন্দের চার সেমিফাইনালিস্ট দলকে।

শেহওয়াগ উত্তর দেন, 'আমার মতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান এই চার দল সেমিফাইনাল খেলতে পারে।' পাশাপাশি শেহওয়াগ যোগ করেন, 'ভারতের মাটিতে খেলা হওয়ায় উপমহাদেশের দলগুলিও সুবিধা পাবে, কারণ তাদের চেনা পরিবেশে খেলতে হবে।'
বিশ্বকাপের সেরা ম্যাচের কথা বলতে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচের কথাই উল্লেখ করেন। বীরু রীতিমতো উত্তেজিত, বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ায়। দর্শকরা যে ভারতীয় দলের দ্বাদশ ব্যক্তির কাজ করবে সেটাও উল্লেখ করেন শেহওয়াগ।
একইসঙ্গে শেহওয়াগ জানিয়েছেন, 'ভারতীয় দলের প্রত্যেক সদস্য চাইবে বিরাট কোহলির জন্য এই বিশ্বকাপটা জিততে। ২০১১ সালে আমরা জানতাম সচিন পাজির সেটাই ছিল শেষ বিশ্বকাপ। তাই তাঁর জন্য সকলে বিশ্বকাপটা জিততে চেয়েছিলাম। এই বছরে বিরাটের অবস্থাটাও একই রকম। দলের প্রত্যেকে কোহলির জন্য বিশ্বকাপটা জিততে চাইবে।’

অন্যদিকে ভারতকেই ফেভারিট মানছেন মুরলীধরন। তবে ভারত পাক ম্যাচ নয় শ্রীলঙ্কান প্রাক্তনীর পাখির চোখ আবার ভারত বনাম ইংল্যান্ড ম্যাচের দিকে। মুরলীর কথায়, 'আমার মতে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচই হবে বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ।' একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, ভারতের মতোই ইংল্যান্ড ও অজিরাও কাপ জয়ের অন্যতম দাবিদার।












Click it and Unblock the Notifications